DA Hike: বাড়ল ৪ শতাংশ DA, ঠিক কত বেতন বাড়ছে সরকারি কর্মীদের?
DA Hike for Govt Employees: ২০২০ সালে দেশে করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর বন্ধ ছিল ডিএ বৃদ্ধি। এরপর ২০২১ সালের জুলাই মাসে ১৭ শতাংশ থেকে ডিএ বেড়ে হয় ২৮ শতাংশ। এবার ডিএ বৃদ্ধির পর সেই হার বেড়ে হল ৪৬ শতাংশ।

নয়া দিল্লি: উৎসবের আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এসেছে সুখবর। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। আগামী নভেম্বর মাসের বেতনের সঙ্গেই মিলবে এই বর্ধিত ডিএ-র টাকা। অর্থাৎ বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মীরা। শুধু তাই নয়, যেহেতু গত জুলাই মাস থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে, তাই নভেম্বরে গত চার মাসের এরিয়ারও পাবেন তাঁরা। বুধবারের ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াল ৪৬ শতাংশ। এতদিন পর্যন্ত ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন তাঁরা।
২০২০ সালে দেশে করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর বন্ধ ছিল ডিএ বৃদ্ধি। এরপর ২০২১ সালের জুলাই মাসে ১৭ শতাংশ থেকে ডিএ বেড়ে হয় ২৮ শতাংশ। এরপর ওই বছরই অক্টোবর মাসে ডিএ বেড়ে হয় ৩১ শতাংশ। ২০২২-এর মার্চ মাসে বাড়ে ৩ শতাংশ। গত বছর সেপ্টেম্বর মাসে ৩৮ শতাংশ হয় মহার্ঘ ভাতা। এরপর চলতি বছরের মার্চ মাসে ফের ৪ শতাংশ ডিএ বাড়ে আর এবার আরও ৪ শতাংশ। অর্থাৎ ৪৬ শতাংশে পৌঁছল ডিএ। সে ক্ষেত্রে কার কত বাড়ছে বেতন?
ন্যুনতম বেতনে ডিএ বৃদ্ধি
বেসিক বেতনের ওপরেই ডিএ বৃদ্ধির হিসেব হয়। যে কর্মী ১৮ হাজার টাকা বেতন, তাঁর বেতনের ৪২ শতাংশ মানে ৭,৫৬০ টাকা, আর ৪৬ শতাংশ মানে ৮,২৮০ টাকা। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে বেতন বাড়বে (৮,২৮০-৭,৫৬০) ৭২০ টাকা করে।
সর্বাধিক বেতনের ক্ষেত্রে
যে কর্মীর বেসিক বেতন ৫৬,৯০০ টাকা, তাঁদের বেতনের ৪২ শতাংশ মানে ২৩,৮৯৮ টাকা। আর ৪৬ শতাংশ মানে ২৬,১৭৪ টাকা। অর্থাৎ মাসে তাঁদের বেতন বাড়তে চলেছে ২,২৭৬ টাকা।
