Salman Khan marriage secrets: যাদের সঙ্গে কাজ করেন তাঁদের সঙ্গেই…! সলমনের বিয়ে না করার কারণ জানালেন বাবা
Salman Khan marriage: সলমন খান কেন এখনও বিয়ে করলেন না? অভিনেতা নিজের মুখে কিছু না বললেও, এক সাক্ষাৎকারে ভাইজানের মনের গোপন টানাপোড়েন ও আসল সত্যিটা ফাঁস করেছিলেন বাবা সেলিম খান।

সলমন খান (Salman Khan)—বলিউডের এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক চিরন্তন রহস্য। বয়স প্রায় ষাটের কোঠায়, অথচ তিনি এখনও ইন্ডাস্ট্রির সবচেয়ে ‘এলিজিবিল ব্যাচেলর’। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছিল। অভিনেতা লিখেছিলেন, তিনি নাকি বড্ড একা এবং একাকীত্বে ভুগছেন! এই পোস্ট দেখা মাত্রই অনুরাগী থেকে শুরু করে তাঁর মা সলমা খান পর্যন্ত দারুণ চিন্তায় পড়ে যান। যদিও পরে ভাইজান নিজেই জল ঢালেন সেই বিতর্কে। স্পষ্ট জানান, এত বড় পরিবার, বন্ধুবান্ধব আর কোটি কোটি ভক্তের ভালেবাসা থাকতে তিনি কখনওই একা হতে পারেন না। কিন্তু এই ঘটনা আরও একবার সেই কোটি টাকার প্রশ্নটাকে উস্কে দিল, সলমন কেন বিয়ে করছেন না?
এই রহস্যের পর্দা এর আগেই ফাঁস করেছিলেন তাঁর বাবা তথা বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। এক পুরনো সাক্ষাৎকারে সলমনের মনের অন্দরের এক অদ্ভুত টানাপোড়েনের কথা অকপটে স্বীকার করেছিলেন তিনি। সেলিম খানের মতে, সলমনের মনের মধ্যে একটা মস্ত বড় বৈপরীত্য রয়েছে, আর সেটাই তাঁর ছাদনাতলায় না পৌঁছনোর আসল কারণ।
সেলিম খান জানিয়েছিলেন, সলমন সাধারণত যাঁদের সঙ্গে কাজ করেন, তাঁদের প্রেমেই পড়েন। সিনেমার সেটে একসঙ্গে কাজ করতে করতে নায়িকাদের প্রতি আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক। আর বিনোদন জগতের এই নায়িকারা স্বভাবতই অত্যন্ত সফল, গ্ল্যামারাস এবং নিজেদের কেরিয়ার নিয়ে দারুণ সচেতন। কিন্তু গোল বাঁধে সম্পর্কটা একটু এগোলেই। সলমন মনে মনে চান, বিয়ের পর তাঁর স্ত্রী লাইমলাইট ছেড়ে ঘরের দায়িত্ব সামলান।
আসল সমস্যা হল, সম্পর্ক গভীর হতেই সলমন তাঁর হবু স্ত্রীর মধ্যে নিজের মা সলমা খানের প্রতিচ্ছবি খুঁজতে শুরু করেন। তিনি চান, তাঁর জীবনসঙ্গী আর পাঁচটা সাধারণ পরিবারের গৃহবধূর মতো ঘরকন্না করুন। সকাল সকাল বাচ্চাদের স্কুলের জন্য তৈরি করা, ব্রেকফাস্ট বানানো, পড়াশোনা করানো, সবকিছু সামলান নিজের হাতে, ঠিক যেমনটা তাঁর মা করেছিলেন।
সেলিম খানের কথায়, বিনোদন জগতের একজন প্রতিষ্ঠিত এবং উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রীর পক্ষে হঠাৎ করে কেরিয়ার ছেড়ে এই চেনা ঘরোয়া ছাচে নিজেকে মানিয়ে নেওয়া অসম্ভব। কোনও মেয়ে আপ্রাণ চেষ্টা করলেও এই মানসিকতার ফারাক মেটানো যায় না। আর ঠিক এই কারণেই বারবার প্রেমের দোরগোড়া থেকে ফিরে আসতে হয়েছে সলমনকে। আপাতত জীবনের এই একাকীত্বকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত ভাইজান। খুব শীঘ্রই তাঁকে দেখা যেতে চলেছে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ ছবিতে।
