
নয়া দিল্লি: রাজ্যসভার পদ যাওয়া থেকেই বিরোধের শুরু হয়েছিল, দল বদলে সেই রাজ্যসভাতেই পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। কয়েক সপ্তাহ আগেই কেজরিবালের আম আদমি পার্টি (Aam Aadmi Party) ছেড়ে বিজেপি (BJP)-তে যোগ দিয়েছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। আর তারপরই তাঁকে দেওয়া হল রাজ্যসভার গুরুদায়িত্ব।
আম আদমি পার্টি থেকে সদ্য বিজেপিতে আসা রাঘব চাড্ডাকে রাজ্যসভার কমিটি অন পিটিশনের চেয়ারম্যান পদে বসানো হল। এই প্যানেল রাজ্যসভায় জমা পড়া জনগণের অভিযোগ ও পিটিশন খতিয়ে দেখে। আম আদমি পার্টিতে থাকাকালীন জনগণের সমস্যা ও তাদের দাবি-দাওয়ার কথা বলেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন রাঘব চাড্ডা। তবে এরপরই আম আদমি পার্টি তাঁর কাছ থেকে রাজ্যসভায় বক্তব্য রাখার অধিকার ছিনিয়ে নেয়।
এবার বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভার তরফে নোটিস জারি করে বলা হল যে রাঘব চাড্ডা রাজ্যসভার কমিটি অন পিটিশনের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। বিভিন্ন দল ও রাজ্য থেকে মোট ১০ জন প্রতিনিধি থাকবে এই কমিটিতে।
জনগণের সমস্যা, নানা ইস্যুর কথা শোনে রাজ্যসভার এই কমিটি। বিভিন্ন পলিসি বা নীতি, প্রস্তাবিত আইন ও জাতীয় ইস্য়ু, যা রাজ্যসভায় পেশ করা হয়, তাও পর্যালোচনা করে এই কমিটি।
প্রসঙ্গত, রাঘব চাড্ডার আপ ছাড়ার সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছিলেন। রাজ্যসভায় সুবক্তা ছিলেন রাঘব। আম আদমি পার্টির অতি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। পঞ্জাবেও আপের জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন রাঘব। তবে হঠাৎ কয়েক মাসে পরিবর্তন হয় সব। আপের সঙ্গে তাঁর বিরোধ বাড়তে থাকে। এরপরই আপ তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেয়। এর কয়েকদিন পরই রাঘব চাড্ডা আম আদমি পার্টি থেকে ইস্তা দেন এবং ৭ জন আপ সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দেন। জল্পনা শোনা যাচ্ছে, পঞ্জাবে বিজেপির মুখ হতে পারেন রাঘব চাড্ডা।