Avocado: অ্যাভোকাডো সকলের জন্য নয় ‘সুপারফুড’, কারা খেলে ডেকে আনবেন বিপদ?
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন অর্ধেক অ্যাভোকাডো (প্রায় ৫০-৭০ গ্রাম) খাওয়াই যথেষ্ট। হার্টের রোগী বা ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল নিয়মিত ডায়েটে রাখা ভাল। কিডনি বা লিভারের রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।

সবুজ রঙের মসৃণ ফলটা এখন শহরের কফি শপ থেকে শুরু করে স্বাস্থ্যসচেতনদের কিচেনে দারুণ জনপ্রিয়। কেউ বলেন এটি ‘হার্টের বন্ধু’, কেউ আবার বলেন ‘ওজন কমানোর জাদু ফল’। এই ফল অ্যাভোকাডো (Avocado)। এ বার প্রশ্ন প্রশ্ন হল অ্যাভোকাডো কি সকলের জন্য সমান ভাল? নাকি কারও ক্ষেত্রে এটি বাড়তি ঝুঁকি ডেকে আনতে পারে?
কাদের জন্য অ্যাভোকাডো দারুণ উপকারী?
- হার্টের রোগীদের জন্য – অ্যাভোকাডোতে আছে স্বাস্থ্যকর মনোআনস্যাচুরেটেড ফ্যাট। কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। নিয়মিত পরিমাণমতো খেলে হৃদরোগের ঝুঁকি কমে।
- ডায়াবেটিসের রোগীরা – এতে শর্করা প্রায় নেই বললেই চলে। ফাইবার বেশি থাকায় রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে।
- ওজন কমাতে ইচ্ছুকদের জন্য – ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট পেট ভরা রাখে। অতিরিক্ত খিদে কমায়, ফলে ক্যালরি নিয়ন্ত্রণ সহজ হয়।
- ত্বক ও চুলের যত্নে সচেতন যারা – ভিটামিন–E, ভিটামিন–C ও অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে উজ্জ্বল ও চুলকে মজবুত করে।
কাদের জন্য অ্যাভোকাডো খাওয়া উচিত নয় বা সীমিত রাখা ভাল?
অতিরিক্ত ওজন বা স্থূলতা আছে যাদের। অ্যাভোকাডোতে ফ্যাট স্বাস্থ্যকর হলেও ক্যালরি অনেক বেশি। বেশি খেলেই ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা। কিডনির রোগীরা পরিমিত পরিমাণে খাবেন। কারণ এতে পটাশিয়ামের পরিমাণ খুব বেশি। কিডনির সমস্যা থাকলে অতিরিক্ত পটাশিয়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ল্যাটেক্স অ্যালার্জি যাদের আছে, তারা পারলে এড়িয়ে চলুন। অনেক সময় ল্যাটেক্স অ্যালার্জির রোগীদের অ্যাভোকাডোতেও অ্যালার্জি দেখা দেয়। লিভারের সমস্যা থাকলে সাবধান হওয়া দরকার। কারণ অতিরিক্ত অ্যাভোকাডো লিভারে চাপ তৈরি করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন অর্ধেক অ্যাভোকাডো (প্রায় ৫০-৭০ গ্রাম) খাওয়াই যথেষ্ট। হার্ট বা ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত ডায়েটে রাখা ভাল। কিডনি বা লিভারের রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। অ্যাভোকাডো নিঃসন্দেহে এক ‘সুপারফুড’, কিন্তু তা সবার জন্য সমান নয়। কারও শরীরের জন্য এটি আশীর্বাদ, আবার কারও ক্ষেত্রে বাড়তি ঝুঁকি। তাই কে কতটা খাবেন, তা নির্ভর করবে শরীরের অবস্থার উপর।
