ভোরের নিস্তব্ধতা ছিঁড়ে আগুনের আতঙ্ক। কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কামরা দাউদাউ করে জ্বলতে দেখে হুলুস্থুল পড়ে যায় যাত্রীদের মধ্যে। শনিবার রাতে কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেনটি কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। রবিবার সকাল ৬টা ৫ মিনিট নাগাদ ট্রেনটি আজিমগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ আচমকাই ট্রেনের মাঝের একটি কামরা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখেন উপস্থিত যাত্রীরা।