খামেনেই জমানা শেষের কথা বলে ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা ফেলা শুরু করলেন। সংঘর্ষ-বিরতির ঘোষণা হল। কিন্তু জমানা বদল হল না, অন্তত এখনও পর্যন্ত। এমন নয় যে দ্বিতীয় দফায় ট্রাম্প এই প্রথম মুখ থুবড়ে পড়লেন। মুখ তাঁর আগেও পুড়েছে। কিছু ঘটনা আমরা জানতে পেরেছি, বেশ কিছু ঘটনা জানতে পারিনি। ডোনাল্ড ট্রাম্পের রিপোর্ট কার্ড অন্তত তাই বলছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এনিয়ে গত রবিবার একটা দারুণ প্রতিবেদন করেছে। চাইলে অনলাইনে পড়ে দেখতে পারেন। ওই প্রতিবেদনে দাবি, ট্রাম্প নাকি এখন আর পাঁচটা কাজের পাশাপাশি কেআরএ নিয়ে পড়েছেন, 'কি এরিয়া অফ রেসপনসিবিলিটি'। মোদ্দা কথায়, কাজের রিপোর্ট কার্ড। আমরা যাঁরা বেসরকারি চাকরি করি, তাঁদের খুব চেনা লাগবে। সরকারি কর্মীদেরও প্রতি বছর কাজের মূল্যায়ন করে অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি হয়। ট্রাম্প ঠিক করেছেন, তাঁর প্রশাসনের ১৬ জন টপ অফিসিয়ালের কেআরএ তিনি নিজেই তৈরি করবেন। বললে বিশ্বাস করবেব কীনা জানি না, সেই কেআরএ-তে ১৬ জনের মধ্যে ১৪ জনই ফেল। কারা ফেল করল শুনবেন? চমকে উঠবেন না যেন। টিম হেগসেথ। ক্যারোলিন লেভিট। কাশ প্যাটেল। তুলসি গাবার্ড। সবাই ফেল। ঘটনাচক্রে এরা সবাই ট্রাম্পেরই রিক্রুট।