ল্যাপটপে, মোবাইলেই এখন আমাদের জীবন কাটে। আর তাতে বারোটা বাজছে চোখের। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, মানুষ ড্রাই আই-এর সমস্যায় ভুগছেন। চোখে ব্যথা, কুটকুট করা, চোখ থেকে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া - এইসব সমস্যা এখন প্রায় সবার। ছোটরা মোবাইল গেমে ডুবে থাকায় তারাও ড্রাই আই-এর শিকার হচ্ছে। ড্রাই আই রেটিনার ক্ষতি করে। অকালে চোখে ছানি পড়ে। দীর্ঘমেয়াদী অসুখ থেকে আসতে পারে অন্ধত্বও। চোখ যদি ড্রাই হবে তাহলে চোখ থেকে জল পড়ে কেন। এই ছোট্ট উত্তরটা দিয়ে দিই। আমাদের চোখের জল একটা ন্যাচারাল ল্যুবিক্র্যান্টের কাজ করে। যা চোখের প্রতিটা অংশকে সুস্থ ও কর্মক্ষম রাখে। চোখের জলে জল ছাড়াও অতি গুরুত্বপূর্ণ নানা উপাদান থাকে। অশ্রু পর্যাপ্ত পরিমাণে তৈরি না হলে আমাদের শরীর তখন চোখে অতিরিক্ত জল তৈরি করে। সেই জলে কাজের কাজ কিছু হয় না। চোখ সিক্ত হয় না। উল্টে বাড়তি জল চোখ থেকে বেরিয়ে এসে অস্বস্তি তৈরি করে। ভাবছেন তো হঠাত্ কেন এই সব নিয়ে বলা শুরু করলাম। ড্রাই আই-সহ চোখের বিভিন্ন অসুখের স্থায়ী চিকিত্সায় দিল্লির এইমসের ডাক্তাররা তৈরি করে ফেললেন ওষুধ। আর এই ওষুধের বিশেষত্ত্ব হল যে এটা তৈরি হয়েছে গরুর দুধের প্রোটিন দিয়ে।