আরবের বড় বড় তেলের দেশ - সৌদি আরব, আমিরশাহি, কাতার, কুয়েত, বাহরিন, ওমান - এরা সবাই ডিফেন্সের ব্যাপারে আমেরিকার ওপর নির্ভরশীল। এইসব দেশে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলোই দেশগুলোকে নিরাপত্তা দেয়। সোভিয়েত রাশিয়ার প্রভাব পাছে মিডল ইস্টে বেড়ে যায়, সেই ভয়ে ১৯৫৬ সালে আমেরিকা ঠিক করে তারা এই অঞ্চলে সামরিক পদক্ষেপ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ারের নামে যাকে বলা হয় আইজেনহাওয়ার ডকট্রিন। আবার ১৯৮০ সালে আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আরব দুনিয়ার সঙ্গে অয়েল ফর সিকিওরিটি চুক্তি করেন। আরব আমেরিকাকে তেল দেবে। বিনিময়ে আমেরিকা তাদের নিরাপত্তা দেবে। একে বলা হয় কার্টার ডকট্রিন। এই দুয়ের ওপরে ভিত্তি করে যে সমীকরণ এতদিন চালু ছিল, সেটাই আজ ভেস্তে যেতে বসেছে। কারণ, ইরানের হাতে মার খেয়ে এবার আরবের দেশগুলো আমেরিকার কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইতে শুরু করেছে। সবচেয়ে বেশি সরব আরব আমিরশাহি।