বৃষ্টির রেশ কাটতেই সপ্তাহান্তে রাজ্যে ফিরছে হেমন্তের শিরশিরানি! আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার এই মরশুমে প্রথমবার কলকাতার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। অন্যদিকে, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১৭ ডিগ্রিতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। মেঘ কেটে গিয়ে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে ভালোভাবেই বজায় থাকবে এই হালকা শীতের আমেজ।