রাষ্ট্রপুঞ্জের Food Waste Index Report-এ চোখ বোলাতে গিয়ে আন্না হাজারের একটা কথা মনে পড়ে গেল। ভারতে দুরকম লোক আছে। একদল সকালে উঠে ভাবে, আজ কী খাব। আরেকদল ঘুম থেকে উঠে ভাবে, আজ কী কী খাব। এই কী কী খাব-রা যদি একটু সচেতন হন, সেজন্যই বোধহয় রাষ্ট্রপুঞ্জের রিপোর্টটা তৈরি হয়েছে। হাইড্র্যান্ট খুলে কুষ্ঠরোগী হয়ত আর জল চেটে নেয় না। তবে, স্বাধীনতার এতো বছর পরেও এই দেশের বহু মানুষ আঁস্তাকুড়ে খাবার খুঁটে খান। পেটে খিদে নিয়ে রাতে শুতে যান। দুধের শিশু দুধ পায় না। অপুষ্টিতে শেষ হয়ে যায় শৈশব। সেই ভারতই কিনা খাবার নষ্টের লিস্টে দুনিয়ায় ২ নম্বরে।