আন্দামানের পূর্ব উপকূল থেকে ১৫ কিলোমিটার দূরে শ্রী বিজয়পূরম থ্রি। গত ১৪-১৫ মাস ধরে এখানে তেলের খোঁজ চলছে। তেল খুঁজতে গিয়ে মিলল গ্যাস। তেল সংস্থাগুলোর অনুমান, ওই এলাকায় ৩০ থেকে ৩৭ কোটি মেট্রিক টন পর্যন্ত হাইড্রোকার্বন মজুত আছে। এই হাইড্রোকার্বনই প্রাকৃতিক গ্যাস। গত শুক্রবার এক্স হ্যান্ডেলে সুখবরটা দিয়েছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। কোচির গবেষণাগারে ওই গ্যাসের আইসোটোপ বা নমুনা পরীক্ষা হচ্ছে। যতটা খবর পেলাম, এই গ্যাসে মিথেনের পরিমাণ ৮৮ শতাংশের আশেপাশে। অর্থাত্ খুব ভাল মানের গ্যাস। সমুদ্রের ৩৫৫ মিটার গভীরে তেল খুঁজতে গিয়ে গ্যাস পাওয়া গেল কীভাবে? তেল খুঁজতে ওখানে দুটো কূপ খোঁড়া হয়েছিল। ওই কূপে খোঁড়াখুঁড়ি শুরুর ৫৬ দিনের মাথায় হঠাত্ করে ওখান থেকে গ্যাস বেরতে শুরু করে। গ্যাসের চাপে একটা কূপে সাময়িকভাবে কাজ বন্ধ করে দিতে হয়। তেল সংস্থা অয়েল ইন্ডিয়ার বিজ্ঞানীরা ততক্ষণে যখের ধনের সন্ধান পেয়ে গিয়েছেন। এরপরই তড়িঘড়ি এই গ্যাসের নমুনা কোচিতে পাঠানো হয়।