কথায় আছে বাঙালির মাছ ছাড়া চলে না। বাঙালির সেই আবেগকে নিয়ে শুরু হয়েছে রাজনীতি। ভোটপ্রচারে সেই ইস্যুকে কেন্দ্র করে একে অপরকে আক্রমণ শানাচ্ছেন মোদী-মমতা
বৃহস্পতিবার রাজ্যের তিন জায়গায় সভা ছিল মোদীর। সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তাঁর অভিযোগ, বাংলায় মাছের উৎপাদন কম।
মোদী বলেন, "তৃণমূলের জমানায় বাংলায় মাছের জোগান কমেছে। তৃণমূলের দুর্নীতির কারণেই বাংলা মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছে।"
প্রধানমন্ত্রীর দাবি, "ওদের পিএম শব্দের প্রতি এতটাই ঘৃণা পিএম নামের সঙ্গে যুক্ত সব প্রকল্পের হয়তো নাম বদলে দিচ্ছে, নয়তো চালুই হতে দেয় না।”
প্রধানমন্ত্রীর অভিযোগ, " মৎস্যজীবীদের সুবিধার প্রকল্পকে চালু হতে দিচ্ছে না তৃণমূল সরকার। ভারতের সংবিধানের অপমান করছে।"
পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলায় মাছের উৎপাদন ভালো রয়েছে। মমতার আক্রমণ, "আমি বলি বিহারে মাছ খেতে দেন না। উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না।
মমতা বলেন,"দিল্লিতে মাছের দোকানে হামলা করেন। মাংসের দোকানে হামলা করেন, ডিম খেতে দেন না। বাংলায় কথা বলতে দেন না।"
মাছ ইস্যুতে মোদী-মমতার স্লোগান যুদ্ধে সরগরম ভোট রাজনীতি। কেউ কাউকে আক্রমণ করতে ছাড়েনি। এবার এই মৎস্য অবশেষে কোন দলকে ভোট বৈতরণী পার করায়, সেটাই দেখার।