
প্রেম ভেঙে যাওয়ার সমস্ত মুখরোচক চর্চায় ছাই ঢেলে দিল এক মিষ্টি ছবি। নিন্দুকদের জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাধীনতা দিবসের শুভ সকালে ফের একসঙ্গে দেখা মিলল ‘থলপতি’ তথা মুখ্যমন্ত্রী বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণণের। সম্প্রতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম আদালতে দায়ের করা বিচ্ছেদ মামলা প্রত্যাহার করতেই সিনেপাড়ায় তোলপাড় শুরু হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন— তবে কি ভাঙা সংসার ফের জুড়তে চলেছেন বিজয়? আর সেই সমীকরণে তৃষার স্থান ঠিক কোথায়? কিন্তু শনিবার সকালে ফোর্ট সেন্ট জর্জের অনুষ্ঠান প্রাঙ্গণ সমস্ত ধোঁয়াশা এক নিমেষে কাটিয়ে দিল।
চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ-এ আয়োজিত রাজ্যস্তরের স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজয়। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হাজির ছিলেন তৃষা কৃষ্ণণ। তবে শুধু উপস্থিতিই নয়, বিজয়ের বাবা-মায়ের সঙ্গে একদম প্রথম সারিতে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় অভিনেত্রীকে। পরনে বাসন্তী হলুদ রঙের শাড়ি এবং খোঁপায় জড়ানো তাজা ফুল— মা উমা কৃষ্ণণকে নিয়ে অনুষ্ঠানে পৌঁছেই লাইমলাইট কেড়ে নেন এই দক্ষিণী সুন্দরী। প্যারেড চলাকালীন মঞ্চে উপস্থিত বিজয়ের উদ্দেশে তাঁর শ্রদ্ধার্ঘ্য স্যালুট জানানোর দৃশ্যটি ক্যামেরাবন্দি হতেই নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এবং বাবার সঙ্গে বেশ আনন্দঘন মেজাজে গল্পসল্প করতেও দেখা যায় তাঁকে।
এর আগে গত মে মাসে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও এক মনোরম দৃশ্যের সাক্ষী হয়েছিল তমিঝগম। বিজয়ের জীবনের সেই মহাসন্ধিক্ষণে তাঁর স্ত্রী বা সন্তানরা উপস্থিত না থাকলেও প্রথম সারিতে বসে পুরো নজর কেড়েছিলেন তৃষা। বিজয়ের মাকে জড়িয়ে ধরে তাঁর সেই উষ্ণ সম্ভাষণ সেবারও বহুল চর্চিত হয়েছে। তবে কিছুদিন আগে স্ত্রীর ডিভোর্স মামলা প্রত্যাহার এবং তার পরপরই সোশ্যাল মিডিয়ায় তৃষার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে অনেকে অনুমান করেছিলেন তাঁদের প্রেমে হয়তো ফাটল ধরেছে। কিন্তু স্বাধীনতা দিবসের আলোয় বিজয়ের পরিজনদের সঙ্গে তৃষার এই মিষ্টি রসায়ন প্রমাণ করে দিল— জল্পনা যাই উঠুক, তাঁদের রসায়নে এখনও ভাঁটা পড়েনি।