NALSAR Controversy: প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতা নিয়ে বিতর্ক, কড়া সিদ্ধান্ত থেকে পিছু হটল বার কাউন্সিল

NALSAR Students: পড়ুয়াদের স্মারকলিপি জমা পড়ার পর বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান নির্দেশ জারি করেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নালসার-এর ২০২৬ ব্যাচের কোনও পড়ুয়া আইনজীবী হিসেবে কোনও রাজ্যের বার কাউন্সিলে নাম লেখাতে পারবেন না। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে।

NALSAR Controversy: প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতা নিয়ে বিতর্ক, কড়া সিদ্ধান্ত থেকে পিছু হটল বার কাউন্সিল
প্রধান বিচারপতি সূর্য কান্তImage Credit source: PTI

Aug 14, 2026 | 8:18 AM

নয়া দিল্লি: প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো যাবে না, এই আর্জি জানিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন হায়দরাবাদের বিখ্যাত ‘নালসার’ (NALSAR) ল ইউনিভার্সিটির পড়ুয়ারা। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথা বলেছিল বার কাউন্সিল অব ইন্ডিয়া (BCI)। বার্তা দেওয়া হয়েছিল, ‘নালসার’ থেকে উত্তীর্ণ হওয়া কোনও পড়ুয়াকে কোনও রাজ্যে বার কাউন্সিলের সদস্য হিসেবে নাম নথিভুক্ত করতে দেওয়া হবে না। অবশেষে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটল বার কাউন্সিল অব ইন্ডিয়া।

বিতর্কের সূত্রপাত

নালসার বিশ্ববিদ্যালয়ের ২০২৬ ব্যাচের প্রায় ৪৫০ জন পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্তৃপক্ষের কাছে সম্প্রতি একটি স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবি ছিল, ২০২৬-এর সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো যাবে না। দিল্লির ছাত্র আন্দোলন সংক্রান্ত শুনানির কথা উল্লেখ করে ওই চিঠি দেন তাঁরা।

দিল্লির ছাত্র আন্দোলনে পুলিশের বিরুদ্ধে মারধরের যে অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি ঘটনার দিনের ভিডিয়ো দেখতে চাননি। বলেছিলেন, ‘আমাদের ভিডিয়ো দেখার সময় নেই’। সে কথা উল্লেখ করেই নালসার-এর পড়ুয়ারা চিঠি দেন কর্তৃপক্ষকে।

কড়া সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল অব ইন্ডিয়া

পড়ুয়াদের স্মারকলিপি জমা পড়ার পর বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান নির্দেশ জারি করেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নালসার-এর ২০২৬ ব্যাচের কোনও পড়ুয়া আইনজীবী হিসেবে কোনও রাজ্যের বার কাউন্সিলে নাম লেখাতে পারবেন না। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা শুরু হয়ে যায়।

সিদ্ধান্ত থেকে সরে এল বার কাউন্সিল

সমালোচনা শুরু হওয়ার পর সব রাজ্যের বার কাউন্সিলের সঙ্গে পর্যালোচনায় বসে বার কাউন্সিল অব ইন্ডিয়া। এই পর্যালোচনার পর বার কাউন্সিল জানায়, বেশিরভাগ পড়ুয়াই নির্দোষ। তারা ওই বিরোধিতায় অংশ নেয়নি। কোনও অসম্মানও জানায়নি। তাই বার কাউন্সিলের চেয়ারম্যানের অর্ডার পরিবর্তন করে জানিয়ে দেওয়া হয় যে নালসার থেকে উত্তীর্ণ পড়ুয়ারা নিজেদের পছন্দ মতো যে কোনও বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করতে পারবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us