
প্রতিদিন আপনার রান্নাঘরে হাঁড়ি, কড়া, হাতা, খুন্তি যতটা প্রয়োজনীয়, ততটাই প্রয়োজনীয় একটা জিনিস হল ছাঁকনি। সকালে উঠেই চা ছাঁকতে কাজে লাগে এটি। শুধু কি চা! কখনও ছানা থেকে জল বের করতেও কাজে লাগানো হয় ছাঁকনি। কেউ ব্যবহার করেন প্লাস্টিকের ছাঁকনি, কেউ স্টিলের। তবে এই ছাঁকনি পরিষ্কার করা একটা ঝক্কির ব্য়াপার। এত সূক্ষ একটা জিনিস পরিষ্কার করবেন কীভাবে?
প্রতিদিন চা ছাঁকতে ছাঁকতে চায়ের পাতা জমে ছাঁকনির ফাঁকগুলো বন্ধ হতে শুরু করে। সেগুলি বের করা মুস্কিল হয়ে যায়। অনেকেই পুরনো ছাঁকনি ফেলে দিয়ে নতুন কিনে নেন। তার কোনও প্রয়োজন নেই। একাধিক উপায়ে ছাঁকনি একেবারে ঝকঝকে করে ফেলা যায়।
১. বেকিং সোডা ও ভিনিগার ব্যবহার করুন। ফুটন্ত জলে, একটু ভিনিগার, বেকিং সোডা ও বাসন পরিষ্কার করার সাবান ঢেলে দিন। নোংরা ছাঁকনি তাতে ডুবিয়ে দিন। কিছুক্ষণ রাখার পর দেখবেন ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে।
২. দাঁত মাজার ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে পারেন। পুরনো ব্রাশ নিয়ে ছাঁকনির জালিতে ঘষতে থাকুন। একটু একটু করে ময়লা বেরিয়ে আসবে।
৩. স্টিলের ছাঁকনি হলে আরও সহজ একটা উপায় আছে। গ্যাসের ওভেনে লো ফ্লেমে আগুনের উপর ধরুন ছাঁকনিটা। ময়লা পুড়ে শুকনো হয়ে ঝরে যাবে। ছাঁকনি হয়ে যাবে একেবারে ঝকঝকে।