
বসিরহাটে: ৩০০-র বেশি ভারতীয় এখনও নিখোঁজ নেপালে। বাংলার একাধিক পরিবারে দুশ্চিন্তার ছায়া। নিখোঁজ পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরই মধ্য়ে বসিরহাটের (Basirhat) পোদ্দার পরিবারে ফিরল স্বস্তি। প্রাক্তন শিক্ষক অনুকূল পোদ্দার ও তার স্ত্রী রেবা পোদ্দারের সঙ্গে অবশেষে যোগাযোগ করা সম্ভব হয়েছে।
বসিরহাটের ৭ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার বাসিন্দা অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী রেবা পোদ্দার নেপালে বেড়াতে গিয়েছিলেন। গত বুধবার নেপালের দুর্যোগের পর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাঁদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। ফোনে তাঁদের সঙ্গে কথাও হয়েছে পরিবারের। রীতিমতো চিন্তিত এবং আতঙ্কে আছেন তাঁরা।
অনুকূল পোদ্দার ফোনে বলেন যে তাঁদের উপর থেকে অনেক বড় বিপদ কেটে গিয়েছে। তাঁরা যাদের সঙ্গে গিয়েছিলেন, তাঁরা সকলেই ভালো আছেন। আগামী রবিবারের তাঁদের বাড়ি ফেরার কথা। ফোনে যোগাযোগ করা হলে অনুকূল পোদ্দার বলেন, “আমরা ভালো আছি। বিপদ কেটে গিয়েছে। বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছি।”
তাঁদের প্রতিবেশী দিলীপ কুমার দত্ত জানিয়েছেন, তাঁরাও যোগাযোগ রাখছেন ওই পরিবারের সঙ্গে। তিনি জানান, ইমিগ্রেশনে একটু দেরী হয়ে যায় বলেই বিপদ থেকে কোনওমতে রক্ষা পেয়েছেন প্রাক্তন শিক্ষক ও তাঁর স্ত্রী। তিনি জানান, অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রীর ইমিগ্রেশনে ১০-১৫ মিনিট বেশি সময় লাগে। ফলে যে গাড়িতে যাওয়ার কথা ছিল, সেটি বেরিয়ে যায়। পরের গাড়িতে গন্তব্যে যাওয়ার কথা ছিল তাঁদের। তার মাঝেই এই হড়পা বানের খবর সামনে আসে। ফলে বিপদের মুখে পড়তে হয়নি তাঁদের।