
নয়া দিল্লি: মোবাইল ছাড়া এখন জীবন অচল। আর মোবাইলকে সচল রাখতে দরকার রিচার্জের। তবে প্রতি মাসে মোবাইল রিচার্জ করার ঝামেলা, বারবার ‘রিচার্জ এক্সপায়ার’ নোটিফিকেশন—এসব নিয়ে অনেকেই বিরক্ত থাকেন। সেই গ্রাহকদের জন্য এবার সুখবর। দীর্ঘমেয়াদি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। একবার রিচার্জ করলেই ১৩ মাসেরও বেশি সময় ধরে কলিং ও ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যাবে।
বিএসএনএল (BSNL)-এর এই প্রিপেইড প্ল্যানের দাম ২,৩৯৯ টাকা। এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্বই হল এর দীর্ঘ ভ্যালিডিটি। অফার অনুযায়ী গ্রাহকরা এক রিচার্জে মোট ৪১২ দিনের ভ্যালিডিটি পাবেন।
সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আগে এই দামের প্ল্যানে অর্থাৎ ২৩৯৯ টাকার রিচার্জে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। বর্তমানে আরও ৪৭ দিন অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ এক বছরের পরিষেবার সঙ্গে প্রায় দেড় মাসের অতিরিক্ত পরিষেবা পাওয়া যাচ্ছে একই খরচে।
শুধু দীর্ঘ ভ্যালিডিটিই নয়, ডেটা প্ল্যান বেশ আকর্ষণীয়। ২,৩৯৯ টাকার এই রিচার্জে প্রতিদিন ২জিবি করে হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। ভিডিয়ো দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিংবা অনলাইন গেম খেলা—দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের জন্য এই ডেটা কাজে লাগবে।
এই প্ল্যানে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাও রয়েছে। পাশাপাশি প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস (SMS) পাওয়া যাবে।
তবে এই ৪১২ দিনের ভ্যালিডিটির অফারটি সীমিত সময়ের জন্য দেওয়া হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই রিচার্জের সুবিধা পাওয়া যাবে।