
কলকাতা: শেয়ার বাজার যেন এখন ‘খরার বাজার’। দিন প্রতিদিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে একের পর এক শেয়ার। থামছেই না পতন। বৃহস্পতিবারের ‘মহাপতনের’ পর সপ্তাহের শুরুতেই এদিন একটু স্থিতিশীল থাকল সেনসেক্স। পতন হয়েছে। আবার বেড়েছে আগের থেকে অনেকটা। সোমবার দিনভর মোট ২০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স এসে দাঁড়িয়েছে ৭৩ হাজার ০৮৫ পয়েন্টে।
অন্যদিকে, নিফটি ৫০-এর শঙ্কা যেন কাটছে না। সোমবার দিনভরই বজায় রইল ওঠা-নামা। কিন্তু তাও মুখ তুলে তাকাতে পারল না নিফটি। এদিক, বাজার যখন এমন টানাপোড়েন। সেই একেবারে খাদে গড়িয়ে গেল রিলায়েন্সের শেয়ার। এক ধাক্কায় ২.৪৪ শতাংশ পড়ে ১ হাজার ১৭৪ টাকায় এসে দাঁড়াল মুকেশ অম্বানির সংস্থার শেয়ারের দর।
আপাতত ৫২ সপ্তাহের সর্বনিম্ন দরে পৌঁছে গিয়েছে এই সংস্থার শেয়ারের দর। গত এক বছরে মুকেশ অম্বানির শেয়ারের পতন হয়েছে প্রায় ২২ শতাংশ। গত বছরের জুলাই মাসে যেখানে রিলায়েন্সের শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামে ছিল। সেখানে কয়েক মাস পেরতেই আজ এসে দাঁড়িয়েছে এই হালে। শুধু তাই নয়। এই সপ্তাহের প্রথম দিনেই এমন ধাক্কার জেরে ৫৬ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। মুখে পুড়েছে অম্বানির।
কিন্তু কোন প্রভাবে এমন পতন?
জানা গিয়েছে, রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেডের অন্দরে তৈরি হওয়া সংক্রমণের কারণেই শেয়ার বাজারে আক্রান্ত হয়েছে পেরেন্ট কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে, কেন্দ্রের ভর্তুকিতে একটি ব্যাটারি প্ল্যান্ট নির্মাণের বরাত নিয়েছিল রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেড। সেই কারখানা তৈরির কাজ সম্পন্ন হলে মোট ১৮ হাজার ১০০ কোটি টাকা ভর্তুকিও পেত তারা। কিন্তু সময়ের আগে প্রোজেক্ট শেষ করতে না পারার জেরে ভর্তুকি তো ছাড়, উল্টে ১২৫ কোটি টাকার জরিমানা দিতে হল রিলায়েন্সকে। আর তারপরই হুড়মুড়িয়ে পড়ল শেয়ারের দর।