
নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)-র গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ইউপিআই পেমেন্ট (UPI Payment) করতে গেলে আটকে যাবে পেমেন্ট। আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার এসবিআই গ্রাহকদের চরম সমস্যায় পড়তে হবে। কিন্তু কেন এমন হবে, জানেন?
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ৪ সেপ্টেম্বর মেইনটেনেন্সের কারণে ইউপিআই পরিষেবা ব্যাহত হবে। ৪৫ মিনিটের জন্য এসবিআইয়ের পরিষেবা ব্যাহত হবে। এই সময়ে কোনও লেনদেন করা যাবে না।
এসবিআই জানিয়েছে, ৪ সেপ্টেম্বর ইউপিআই পরিষেবা রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১টা ১৫ মিনিট অবধি ব্যহত হবে। মোট ৪৫ মিনিট পরিষেবা বন্ধ থাকবে। এসবিআইয়ের শিডিউলড মেইনটেনেন্স অ্যাক্টিভিটির জন্য এই পরিষেবা ব্যহত হবে। সেই কারণে এই সময়ে অনলাইন লেনদেন করা যাবে না।
ডাউনটাইমের সময় একান্তই যদি কারোর অনলাইনে লেনদেন করার দরকার পড়ে, তার উপায়ও বলে দিয়েছে এসবিআই। জানিয়েছে, গ্রাহকরা এই সময়ে ইউপিআই লাইট (UPI Lite) ব্যবহার করতে পারেন। ইউপিআই লাইট দিয়ে স্বল্প মূল্যের লেনদেন করা যায়, এর জন্য ইউপিআই পিনের প্রয়োজনও পড়ে না। সর্বাধিক এক হাজার টাকা পর্যন্ত ইউপিআই লাইট দিয়ে পেমেন্ট করা যায়। সর্বাধিক পাঁচ হাজার টাকা ব্যালেন্স রাখা যায়।
সম্প্রতিই এসবিআই ইউপিআই ট্রানজাকশনের সীমা বেঁধে দিয়েছে। দিনে সর্বাধিক ২০টি পার্সন টু পার্সন (P2P) ট্রানজাকশন করা যায়। পার্সন টু মার্চেন্ট (P2M) ট্রানজাকশন নির্ভর করে কত টাকার লেনদেন হচ্ছে, তার উপরে। দিনে সর্বাধিক ১ লাখ টাকার লেনদেন করা যায়।