
সোমবার মুম্বইয়ের বান্দ্রায় বলিউড বাদশা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাংলো ‘মন্নত’-এ আচমকাই সাপের আতঙ্কে চাঞ্চল্য ছড়ায়। খবর অনুযায়ী, মন্নত চত্বরে পরপর দুটি সাপ দেখা যায়। খবর পেয়ে দ্রুত পৌঁছয় বন দপ্তর ও উদ্ধারকারী দল। একটি সাপকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও অন্যটি চত্বর ছেড়ে চম্পট দেয়।
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ মন্নতে দুটি সাপ ঘুরে বেড়াতে দেখে পেশাদার সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে খবর দেওয়া হয়। তিনি অবিলম্বে বন দপ্তর ও থানে অঞ্চল রেঞ্জ অফিসে বিষয়টি জানান এবং একটি দল নিয়ে মন্নতে পৌঁছন।
বাসভবনে পৌঁছে উদ্ধারকারীরা উঠোনের সিঁড়ির নিচে একটি সাপকে লুকিয়ে থাকতে দেখেন। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, সেটি একটি দেশি দাঁড়াশ সাপ (ইন্ডিয়ান র্যাট স্নেক)। স্বস্তির বিষয় হল, এই প্রজাতির সাপ সম্পূর্ণ বিষহীন।
উদ্ধারকারী দল কাছে এগোতেই ভয়ে কুণ্ডলী পাকিয়ে যায় সাপটি। তবে অভিজ্ঞ উদ্ধারকারীরা ধীরস্থিরভাবে ও কৌশল প্রয়োগ করে অক্ষত অবস্থায় সেটিকে একটি ব্যাগে বন্দি করেন। পরবর্তীতে বন দপ্তরের নিয়ম মেনে সাপটিকে বনাঞ্চলে মুক্ত করা হয়। তবে মন্নত চত্বরে উদ্ধারকারী ও লোকজনের চলাফেরায় আতঙ্কিত হয়ে দ্বিতীয় সাপটি পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়েও সেটির আর সন্ধান মেলেনি।
উল্লেখ্য, কিছু মাস আগেই বান্দ্রায় অভিনেতা সলমন খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এও সাপ ঢুকে পড়েছিল। সেই সময়েও দক্ষ উদ্ধারকারী ডেকে সাপটিকে ধরে বন দপ্তরের জিম্মায় তুলে দেওয়া হয়েছিল।
কাজের সূত্রে, শাহরুখ খান এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন মেগা অ্যাকশন ছবি ‘কিং’-এর প্রস্তুতি নিয়ে। এই ছবির মাধ্যমেই শাহরুখ-কন্যা সুহানা খানের বড়পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে। ছবিতে সুহানা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, এরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও জয়দীপ আহলাওয়াতকে।