
দেখতে দেখতে ২৫ বছর পার করে ফেলল ভারতীয় সিনেমা ইতিহাসের অন্যতম মাইলস্টোন ‘লগান’। আগামী ১৫ জুন ছবিটির ২৫ বছর পূর্তি। আর এই রূপোলি জয়ন্তী উদযাপন করতেই শনিবার রাতে মুম্বইয়ে বসেছিল চাঁদের হাট। ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং অভিনেতা আমির খান ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির একঝাঁক তারকা। সলমন খান, করিনা কপূর খান, জুহি চাওলা থেকে শুরু করে আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও— সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন সকলেই। তবে এই তারকাখচিত সন্ধ্যায় আলাদা করে নজর কাড়ল আমির ও তাঁর হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের যুগলবন্দী।
অনুষ্ঠানে আমির খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিতে মঞ্চে ডাকা হয়েছিল তাঁর ‘ইশ্ক’ এবং ‘ফনাহ্’ ছবির দুই সহ-অভিনেত্রী কাজল ও জুহি চাওলাকে। সেখানে মাইক হাতে নিয়েই চেনা রসিক মেজাজে পাওয়া গেল কাজলকে। আমিরের ছবি বাছাইয়ের পাশাপাশি তাঁর প্রেমজীবন নিয়েও হালকা চালের টিপ্পনী কাটেন তিনি। কাজল হাসিমুখে বলেন, “আমির খান সম্পর্কে একটা কথা বলা যায়, তাঁর প্রযোজনা সংস্থা প্রমাণ করেছে যে ছবি বাছাইয়ের ক্ষেত্রে তাঁর রুচি অসাধারণ। ‘লগান’ থেকে শুরু করে এখনও পর্যন্ত তাঁর ছবির নির্বাচন দারুণ। আর মহিলাদের পছন্দের ক্ষেত্রেও তাঁর রুচি খুব ভাল।”
কাজলের এই চটজলদি গুগলি শুনে মঞ্চে দাঁড়িয়েই লাজুক হাসিতে ভেঙে পড়েন আমির খান। দর্শকাসনে বসা তারকারাও হাততালি দিয়ে কাজলের এই রসিকতাকে উপভোগ করেন।
বিগত বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন ছিল গৌরীর সঙ্গে আমিরের তৃতীয় বিয়ে নিয়ে। এই অনুষ্ঠানে খোদ আমিরই সব জল্পনার অবসান ঘটান। বিয়ের খবরটি সত্যি কি না জানতে চাওয়া হলে অকপট ‘লগান’ তারকা জানান, “এখন আমি আমেরিকা যাচ্ছি। তবে বিয়ের যে খবর ছড়িয়েছে তা সত্যি। ৫ জুলাই বিয়েটা হচ্ছে।”
উল্লেখ্য, ২০২৫ সালে নিজের ৬০ বছরের জন্মদিনের পার্টিতে গৌরীর সঙ্গে সকলের প্রথম আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। এবার সেই প্রেমকেই ছাদনাতলা পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাঁরা। অত্যন্ত ঘনিষ্ঠ পরিজন এবং বন্ধুদের উপস্থিতিতেই বসবে এই বিয়ের আসর। আমিরের এই নতুন ইনিংসের খবরে তাঁর অনুরাগী মহল যেমন উচ্ছ্বসিত, তেমনই নেটপাড়ার নিন্দুকদের একাংশ অবশ্য ষাট বছর বয়সে অভিনেতার তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। তবে সেই সমস্ত সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ৫ জুলাই নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট।