
বেশ কিছুদিন ধরে বচ্চন পরিবারের বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছে। তালিকা থেকে বাদ পড়ছে না কিছুই। কখনও শোনা যাচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন বর্তমানে অভিষেক বচ্চনের সঙ্গে থাকছেন না, কেউ আবার মনে করছেন, তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, কেবল সন্তানের মুখ চেয়ে সেই খবর সামনে আনতে চাইছেন না। যদিও আরাধ্যা বচ্চনকে মাঝে মধ্যে বচ্চন পরিবারের সমস্ত সেলিব্রেশনে দেখা যাচ্ছে। সেই তালিকায় কী আদপে থাকেন ঐশ্বর্য? জানা নেই কারও। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই খবরের মাঝে এবার সামনে এল অন্য খবর। সিঙ্গল ফাদার হতে চলেছেন অভিষেক বচ্চন। তাহলে ঐশ্বর্য? না, না, কোনও খারাপ খবর নয়। তাঁরা জুটিতে আরাধ্যা অভিভাবকই।
তবে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম এবার চমক আনল একগুচ্ছ। যেখানে তাদের আগামী বেশ কিছু প্রজেক্টের ঘোষণা করা হয়। যে তালিকায় নাম লিখিয়েছেন অনেকেই। অনন্যা পাণ্ডে থেকে শুরু করেউরফি জাভেদ, বাদ থাকেননি কেউই। আর সেখানেই তাক লাগালেন অভিষেক বচ্চন। তাঁর প্রজেক্টে এবার তিনি সিঙ্গল ফাদারের ভূমিকায় অভিনয় করবেন। এক মেয়ে ও তার বাবার গল্প। এই সিরিজের নাম, বি হ্যাপি। সিরিজের পরিচালনায় রয়েছেন, রেমো ডিসুজা। যার মেয়ের স্বপ্ন সে নাচের এক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করতে চায়।
সেই স্বপ্ন কীভাবে ছোঁবেন সেই লড়াইয়ের গল্প পর্দায় তুলে ধরতে চলেছেন অভিষেক বচ্চন। প্রসঙ্গত, অভিষেক বচ্চনের হাতে বেশ কয়েকটি প্রজেক্ট বর্তমান। ওটিটি থেকে ছবি, সবের অফার থাকলেও তিনি খানিকটা বেছে বেছে কাজ করতে চাইছেন বর্তমানে। তবে তাঁর করা অতীতে একাধিক সিরিজ দর্শক মনে জায়গা করে নিয়েছে। এখন দেখার নয়া চরিত্রে কতটা মন জয় করতে পারেন জুনিয়র বচ্চন।