
গুরুগ্রামের ডিএলএফ (DLF) এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার অভিযানে তৈরি হল এক নজিরবিহীন দৃশ্য। অন্যান্য সময়ে বুলডোজার বা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যেখানে তুমুল উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, সেখানে সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিং-এর বাড়ির সামনে। অভিনেতার বাড়ির বাইরের একটি বেআইনি র্যাম্প (Ramp) গুঁড়িয়ে দেয় প্রশাসনের বুলডোজার। কিন্তু মেজাজ না হারিয়ে অত্যন্ত শান্ত ও ভদ্রভাবে পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা বলে নেটিজেনদের মন জয় করে নিলেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা। ইতিমধ্যেই এই সৌজন্য বিনিময়ের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
কী ঘটেছিল ডিএলএফ এলাকায়?
গত শুক্রবার গুরুগ্রামের ‘টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ডিপার্টমেন্ট’ (Town and Country Planning Department)-এর পক্ষ থেকে ওই এলাকায় একটি বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের দাবি, নিয়মবহির্ভূতভাবে এবং বিল্ডিং আইন লঙ্ঘন করে যে সমস্ত কাঠামো গড়ে উঠেছে, সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, এই অভিযানের অংশ হিসেবেই অভিনেতা চন্দ্রচূড় সিং-এর বাড়ির বাইরের অংশটি ভাঙা পড়ে, যা নিয়ম বহির্ভূতভাবে তৈরি করা হয়েছিল বলে আধিকারিকদের দাবি।
উচ্ছেদ অভিযান চলাকালীন বাড়ি থেকে বেরিয়ে আসেন ‘মাচিস’ খ্যাত অভিনেতা চন্দ্রচূড়। তিনি কর্তব্যরত আধিকারিকদের কাছে জানতে চান, তাঁর বাড়ির ভেতরেও কোনও ভাঙচুর চালানো হবে কি না। অত্যন্ত ধীরস্থিরভাবে তিনি আধিকারিকদের জানান যে, ১৯৯১ সালে তাঁর বাবা এই সম্পত্তিটি কিনেছিলেন। নিজের বাড়ির বাইরের র্যাম্প ভেঙে ফেলার বিষয়ে প্রশ্ন তুললেও, তাঁর কথাবার্তার মধ্যে কোনও রকম ক্ষোভ বা ঔদ্ধত্য ছিল না।
#Gurgaon #Gurugram #DLF_Sealing_Drive
– फ़िल्म अभिनेता चंद्रचूड़ सिंह के घर के बाहर @TCP_HARYANA का बुलडोजर चला।
– डीटीपीई अमित मधोलिया के नेतृत्व में तोड़फोड़ हुई।
– मधोलिया ने फ़िल्म अभिनेता को तोड़फोड़ की जानकारी दी।#Chandrachursingh pic.twitter.com/Zg99CdIKjW— DEEPAK AHUJA (@DEEPAKKAHUJA) July 3, 2026
এরপর চন্দ্রচূড় জানতে চান, এই গোটা উচ্ছেদ প্রক্রিয়ার অফিশিয়াল ভিডিয়ো বা নথিপত্র রাখা হচ্ছে কি না এবং দলটির নেতৃত্বে কে রয়েছেন। সেখানে উপস্থিত ডিস্ট্রিক্ট টাউন প্ল্যানার অমিত মাধেউলিয়া নিজের পরিচয় দিলে, অভিনেতা বিন্দুমাত্র রেগে না গিয়ে উল্টে তাঁর দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন। অমিত এবং তাঁর দলের অন্য সদস্যদের সঙ্গে হাতও মেলান চন্দ্রচূড়। কোনও রকম অশান্তি ছাড়াই শেষ হয় পুরো প্রক্রিয়াটি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনরা অভিনেতার শিক্ষা ও মার্জিত স্বভাবের প্রশংসায় পঞ্চমুখ।
দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকার পর ওটিটি-র হাত ধরে কামব্যাক করেছেন চন্দ্রচূড় সিং। তাঁকে শেষবার দেখা গিয়েছে ২০২৫ সালের হিন্দি ছবি ‘বয়ান’ (Bayaan)-এ। বিকাশ রঞ্জন মিশ্র পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেত্রী হুমা কুরেশি।