
দিল্লির যন্তর মন্তরে বিতর্কিত নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন সলমন খান। ট্রোলদের দাবি ছিল, সমালোচনার ভয়ে নাকি পিছু হটছেন তিনি! এবার সেই সমস্ত কটাক্ষ উড়িয়ে নিজের স্টাইলেই ট্রোলারদের মুখের ওপর কড়া জবাব দিলেন ৬০ বছর বয়সী এই বলিউড মেগাস্টার। প্রথম পোস্টের ঠিক একদিন পর, শনিবার ভোরের দিকে নিজের দুটি শার্টলেস ছবি পোস্ট করে জল্পনায় জল ঢাললেন বলিউড ভাইজান।
সামাজিক মাধ্যমে শেয়ার করা সেই ছবিগুলিতে জিমের আয়নার সামনে তোয়ালে মাথায় খালি গায়ে পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে। ক্যাপশনের মাধ্যমে সমালোচকদের বার্তা দিয়ে সলমন স্পষ্ট করেন যে, তিনি কোনও চাপ বা হুমকির মুখে নতিস্বীকার করার পাত্র নন।
এর আগে একটি পোস্টে সলমন আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাড়ি ফেরার আকুল আবেদন জানিয়েছিলেন। আন্দোলনরত তরুণ প্রজন্মের নিরাপত্তা ও তাঁদের বাবা-মায়ের দুশ্চিন্তার কথা তুলে ধরে তিনি লেখেন, শিক্ষার্থীদের শিক্ষা ও সুরক্ষা সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
প্রশ্নফাঁসে অভিযুক্তদের কড়া শাস্তির লক্ষ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের উল্লেখ করে সলমন লিখেছিলেন, “আমাদের শিক্ষার্থীরা শিক্ষা ও সুরক্ষার দিক থেকে প্রথম অগ্রাধিকার। তাই তাদের নিজেদের বা তাঁদের অভিভাবকদের দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই টুইট করেছেন এবং আমি নিশ্চিত যে, এই প্রশ্নফাঁসের ঘটনার পেছনে যারা দায়ী, তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই সব শিক্ষার্থীদের কাছে আবেদন, দয়া করে আপনারা নিজেদের বাড়ি এবং বাবা-মায়ের কাছে ফিরে যান।”
গত বুধবার এক বিশদ বিবৃতিতে নিট প্রশ্নফাঁসকে ‘অত্যন্ত গুরুতর একটি সমস্যা’ বলে আখ্যা দিয়েছিলেন সলমন। আন্দোলনটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল উল্লেখ করে তিনি আবেদন জানান, এই আন্দোলনকে যেন কোনওভাবেই রাজনীতিকরণ না করা হয়। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ণয়ের দাবি জানান তিনি।
উল্লেখ্য, শিক্ষার্থী আন্দোলনের সমর্থনে সরব হওয়া বিনোদন জগতের একাধিক ভিআইপিদের তালিকায় সলমন খান অন্যতম। সাম্প্রতিক দিনগুলিতে বলিউডের হৃতিক রোশন, আলিয়া ভাট, রাজকুমার রাও, আর মাধবন, সোনাক্ষী সিনহা, নাসিরুদ্দীন শাহ, রত্না পাঠক শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ এবং প্রখ্যাত পরিচালক অনুরাগ কশ্যপের মতো ব্যক্তিত্বরাও প্রশ্নফাঁস কাণ্ডে জবাবদিহিতার দাবি তুলে শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।