
এমনটা যে হতে পারে তা হয়তো নিজেই আঁচ করতে পাননি স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু হায়, হল ঠিক এমনটাই। শনিবার দুপুরে বোন অজপা মুখোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে গিয়েও ফিরে আসতে হল তাঁকে। ঘটনায় চূড়ান্ত বিরক্ত অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক লাইভ ভিডিয়োর মাধ্যমে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন। জানিয়েছেন সবট। স্বস্তিকা জানান, বুথে পৌঁছে তাঁরা জানতে পারেন ভোটদানের তালিকাতে নামই নেই তাঁদের। বাধ্য হয়েই ফিরে আসতে হয় তাঁকে।
স্বস্তিকার কথায়, “আমার ভোটার কার্ড হারিয়ে গিয়েছে, কিন্তু বোনের তো আছে। গত বছরেও ভোট দিয়েছিল ও। এ দিকে বুথে গিয়ে জানলাম আমাদের নাকি নামই ওঠেনি। এর থেকে বিরক্তিকর আর কী বা হতে পারে?” স্বস্তিকা জানিয়েছেন, তাঁর বাবা-মা দু’জনেই বহুদিন প্রয়াত হলেও তাঁদের নাম উঠেছে। কমপ্লেক্সে এমন অনেক বয়স্ক মানুষ রয়েছেন যাদের হয়তো এই মুহূর্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানের মতো অবস্থাই নেই। নাম রয়েছে তাঁদেরও। তবে শুধু নেই স্বস্তিকা ও তাঁর বোনের নাম।
যদিও কেন এমনটা হল সে বিষয়ে সদুত্তর পাননি স্বস্তিকার। তবে চুপ করে থাকার মানুষ নন স্বস্তিকা। স্বাধীনদেশে ভোটদান গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার তিনি কেন প্রয়োগ করতে পারলেন না সে ব্যাপরে তিনি খোঁজ নেবেন বলেই জানিয়েছেন স্বস্তিকা।