
তিনি অমিতাভ হচ্চন। বলিউডের শাহেনশাহ। যাঁকে নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ সর্বদা থাকে তুঙ্গে। বাড়ির চারদেওয়ালের মধ্যে তিনি মানুষ হিসেবে কেমন, কী কী স্বভাব রয়েছেন তাঁর, কোনটা ভাল কোনটা খারাপ, সব বিষয় দর্শকদের কৌতুহল বর্তমান। আর মাঝে মধ্যেই নিজের ব্লগের মাধ্যমে সেই চেনা-অচেনা অমিতাভের সঙ্গে নিজেই পরিচয় করিয়ে দেন অভিনেতা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। কারণ বিষয়টা ছিল ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ। আর তা দেখার সময় আর পাঁচটা মানুষের মনে যে যে ধরনের ভাবনার উদয় হয়, ঠিক সেই ভাবনাই তাড়িয়ে নিয়ে বেড়ায় বচ্চন পরিবারের কর্তাকে। খেলা দেখার সময় তাঁকেও কুসংস্কার ঘিরে ধরে।
ব্লগে এবার সেই গল্পই শোনালেন অমিতাভ বচ্চন। লিখলেন, “খেলা… ক্রিকেট… ফাইনালে জয় নির্ধারণের জন্য… আর সব ধরনের পরিবর্তন এবং অর্থ মন ও শরীরকে আক্রমণ করতে শুরু করে। আমি কি খেলা দেখতে পারি?.. মাঝে মাঝে যখন খেলা দেখা হয়… আমরা হেরে যাই… কিন্তু আজ তা অমান্য করেছি… তাই… কোথায় বসব, কীভাবে বসব… এক পা অন্য পায়ের উপর… কোন পায়ের উপর… বাঁকানো বা সোজা করা… জুতা পরা না খোলা… লেগ কার্ল পরিবর্তন করা যাবে কি না.. ওহ! একটা উইকেট পড়ে গেল.. না না না.. পায়ের পজিশনে প্রথম পা ফিরে যাও.. এভাবেই থাকো। উঠে পড়ো.. বিজ্ঞাপন শুরু হলে একটু হাঁটো, অথবা স্থির থাকো.. চূড়ান্ত জয় না হওয়া পর্যন্ত, মনকে ভীষণভাবে বিচলিত করতে থাকে… সংযত নিয়ন্ত্রিত, কোনও ভয় নেই, কোনও উদ্বেগ নেই… শুধু দলের জয়ের আত্মবিশ্বাস… শেষ কয়েক বল পর্যন্ত উত্তেজনা ধরে রাখার জন্য, এবং বলটি সব বাধা অতিক্রম করে জয় ঘোষণা করে।”