
আট বছর ধরে একই ছাদের তলায় বসবাস, দুই সন্তানের জন্ম— অবশেষে সেই দীর্ঘ ভালোবাসার সম্পর্ককে পরিণতি দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ৫৩ বছর বয়সে গিয়ে মডেল-বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা। জাঁকজমকপূর্ণ পার্টি কিংবা তারকাখচিত উৎসব নয়, একেবারেই সাদামাঠা পোশাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই যুগল।
২০১৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকার মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে সম্পর্কের সূচনা অর্জুনের। তাঁদের দুই সন্তানও রয়েছে— ২০১৯ সালে জন্ম নেয় বড় ছেলে অরিক এবং ২০২৩ সালে তাঁদের কোলে আসে ছোট ছেলে অরব। বেশ কিছুদিন আগেই একটি পডকাস্টে নিজেদের বাগ্দানের বিষয়টি নিশ্চিত করেছিলেন তাঁরা।
শুক্রবার বিকেল চারটে নাগাদ গোয়ার পানাজির কাছে অবস্থিত রেজিস্ট্রি অফিসে পৌঁছে যান অর্জুন ও গ্যাব্রিয়েলা। কোনও বিয়ের সাজগোজ বা রাজকীয় আড়ম্বর ছাড়াই, সাধারণ সাদা ক্যাজুয়াল পোশাকে আইনি সই পর্ব সারেন তাঁরা। সোশাল মিডিয়ায় তাঁদের বিয়ের যে ছবি ছড়িয়ে পড়েছে, সেখানেও কোনও জাঁকজমক নয়, বরং অকৃত্রিম হাসিমুখেই পোজ দিতে দেখা গিয়েছে নবদম্পতিকে।
উল্লেখ্য, গ্যাব্রিয়েলার সঙ্গে লিভ-ইন সম্পর্কের আগে ১৯৯৮ সালে সুপারমডেল মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে— মাহিকা ও মায়রা। বর্তমানে চার সন্তানকে নিয়েই সুখী সংসার অভিনেতার। বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রী মেহরের সঙ্গে অর্জুনের সুসম্পর্ক বজায় রয়েছে বলেই জানা যায়।