
গুঞ্জনের পারদ চড়ছিল বেশ কিছুদিন ধরেই, এবার সেই জল্পনায় অনুঘটক যোগ করল নতুন কিছু নাম। আগামী ৩০ অগাস্ট থেকে পর্দা উন্মোচন হতে চলেছে ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর। আর এবারের সিজনে সবচেয়ে বড় চমক— সঞ্চালকের আসনে খোদ ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু আসল কৌতূহল যাঁদের নিয়ে, সেই প্রতিযোগী তালিকায় কারা থাকছেন? টলিপাড়ার হাওয়ায় ভেসে বেড়াচ্ছে নতুন খবর— প্রবীণ অভিনেতা ভরত কলের কাছে নাকি পৌঁছেছে বিগ বসের অন্দরমহলে ঢোকার আনুষ্ঠানিক প্রস্তাব! যদিও তিনি শেষ পর্যন্ত সেই আমন্ত্রণ গ্রহণ করবেন কি না, তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছেন নিজেই।
বিগত এক মাস ধরে টলিউডের প্রথম সারির তারকাদের দুয়ারে বারংবার কড়া নেড়েছে বিগ বস কর্তৃপক্ষ। রটেছে, টলিপাড়ার এক জনপ্রিয় গায়িকাকে নাকি কোটি টাকারও বেশি পারিশ্রমিক হেঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে পুজোর আবহে শহর ছাড়তে নারাজ হয়ে সেই মেগা অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। শুধু তিনিই নন, একই কারণে বিগ বসের প্রস্তাব হাতছাড়া করেছেন আরও অনেক নামী মুখ। শরৎকালের আলো-ঝলমলে কলকাতায় পুজোই যাঁদের প্রথম পছন্দ, টাকার অঙ্ক তাদের সরাতে পারেনি। তবে বিপরীত মেরুতে দাঁড়িয়ে শহর ছাড়তে মুখিয়ে রয়েছেন বহু সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর। যার মধ্যে শোনা যাচ্ছে, সায়ক চক্রবর্তীর নামও।
এরই মধ্যে চর্চায় উঠে এসেছে অভিনেতা জীতু কমলের নাম। শোনা যাচ্ছে, বিগ বসের দীর্ঘ শিডিউলের সঙ্গে মানিয়ে নিতে নিজের চলতি ওয়েব সিরিজের কাজ নাকি দ্রুত শেষ করে আনছেন তিনি। জীতুকে ঘরে আনতে এখনও পর্যন্ত চরম আশাবাদী চ্যানেল কর্তৃপক্ষ। অন্যদিকে, গ্ল্যামার বাড়াতে জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষের সঙ্গেও একপ্রস্থ দরকষাকষি চূড়ান্ত পর্যায়ে। জল্পনা সত্যি হলে মনামির উপস্থিতি ঘরে বাড়তি সমীকরণ তৈরি করবে। তবে বেশি দূর এগিয়ে গিয়েছেন অভিনেত্রী সৃজলা গুহ— আগামী তিন মাসের জন্য জামাকাপড় ও স্টাইলিংয়ের প্রাক-প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন তিনি! তালিকায় নাম রয়েছে গায়ক দুর্নিবার সাহারও।
নিয়ম অনুযায়ী, চূড়ান্ত প্রতিযোগী তালিকা গোপন রাখা হচ্ছে সিজন শুরুর দিন পর্যন্ত। ৩০ অগাস্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে যখন ঘরবন্দি তারকাদের পর্দা সরিয়ে প্রকাশ্যে আনবেন, তখনই অবসান ঘটবে সমস্ত জল্পনার। টানা তিন মাস বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, হাতে থাকবে না মোবাইল ফোন, দেখতে পাবেন না সিনেমা, এমনকি বই পড়ার অধিকারটুকুও মিলবে না। এই কড়া অনুশাসনের মাঝে দুর্গাপুজোর মরসুমে ২০ দিনের মাথায় শহর ছেড়ে কারা বিগ বসের ঘরের বন্দিদশা বেছে নেন, এখন সেটাই এখন দেখার।