Bigg Boss: বিগ বসের ঘরে শন-সৃজলা জুটি?

Big Boss Bangla Season 3: নিয়ম মেনে ৩০ অগাস্টের রাত পর্যন্ত চূড়ান্ত নামের তালিকা ঢাকা থাকবে গোপনীয়তার মোড়কে। সৌরভ যখন নিজেই তারকাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, তখনই মিলবে সব প্রশ্নের উত্তর। তিন মাস বন্ধ দরজার ওপারে মোবাইল, বই বা বাইরের যোগাযোগ ছাড়া উৎসবের মরসুমে কোন কোন তারকা এই কঠিন চ্যালেঞ্জ বেছে নেন, এখন সেটাই দেখার।

Bigg Boss: বিগ বসের ঘরে শন-সৃজলা জুটি?

|

Aug 20, 2026 | 3:04 PM

বাঙালি আবার ঘরবন্দি বিনোদনের চেনা স্বাদে ভাসতে চলেছে। আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে ‘বিগ বস বাংলা সিজন ৩’। এবার মঞ্চে সবচেয়ে বড় আকর্ষণ খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি সঞ্চালকের ব্যাটন সামলাবেন। কিন্তু মহারাজের আঙুলের ইশারায় কারা ঢুকছেন এই চর্চিত ঘরে? তারকাদের নাম নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ার অন্দরমহলে তোলপাড় শুরু হয়েছে।

তালিকায় সবচেয়ে নতুন সংযোজন ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের নন্দিনী দত্ত। সম্প্রতি তিনি ধারাবাহিকটি ছেড়ে দেওয়ায় জল্পনা আরও তীব্র হয়েছে— তবে কি বিগ বসের দরজাই তাঁর নতুন ঠিকানা? এর পাশাপাশি চর্চায় রয়েছেন সুপুরুষ অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। প্রবীণ অভিনেতা ভরত কলের কাছেও নাকি ডাক গিয়েছে, যদিও তিনি বিষয়টিকে আপাতত জল্পনার স্তরেই রেখে দিয়েছেন।

অন্যদিকে, ঘরে গ্ল্যামারের তরঙ্গ তুলতে মনামি ঘোষ ও সৃজলা গুহের নাম প্রায় নিশ্চিতের পথে। সৃজলা নাকি ইতিমধ্যেই তিন মাসের স্টাইলিং ও পোশাকের প্রস্তুতি সারতে শুরু করেছেন। শনের নাম শুনতেই বিগ বসের ঘরে সৃজলার সঙ্গে ‘মন ফাগুণ’ ম্যাজিক ফিরে দেখার আশা করছেন অনুরাগীরা। এমনীতেই গুঞ্জন ছিল সৃজলা-শন নাকি বাস্তবেও প্রেম করছিলেন। তাহলে কি সেই গুঞ্জনই বিগ বসের টিআরপি বাড়াবে? তালিকায় আছেন গায়ক দুর্নিবার সাহাও। অভিনেতা জীতু কমলকে নিয়েও জোর গুঞ্জন— বিগ বসের দীর্ঘ শিডিউলের কথা মাথায় রেখে তিনি নাকি তাঁর চলতি ওয়েব সিরিজের শুটিং দ্রুত শেষ করছেন।

বিগ বসের টিম বেশ কিছুদিন ধরেই টলিউডের প্রথম সারির একাধিক তারকাকে প্রস্তাব দিয়ে চলেছে। শোনা যাচ্ছে, এক নামজাদা গায়িকাকে নাকি কোটি টাকারও বেশি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু সামনেই দুর্গাপুজো— কলকাতার উৎসবের দিনগুলো শহরের বাইরে কাটাতে নারাজ হয়ে সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। একই কারণে অনেক প্রতিষ্ঠিত তারকা পিছিয়ে এলেও, অনেক চর্চিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে। তাঁদের মধ্যে অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর নাম বেশ জোরালোভাবে ভেসে আসছে।

নিয়ম মেনে ৩০ অগাস্টের রাত পর্যন্ত চূড়ান্ত নামের তালিকা ঢাকা থাকবে গোপনীয়তার মোড়কে। সৌরভ যখন নিজেই তারকাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, তখনই মিলবে সব প্রশ্নের উত্তর। তিন মাস বন্ধ দরজার ওপারে মোবাইল, বই বা বাইরের যোগাযোগ ছাড়া উৎসবের মরসুমে কোন কোন তারকা এই কঠিন চ্যালেঞ্জ বেছে নেন, এখন সেটাই দেখার।

Loading...
Unable to load recommendations.
Follow Us