‘দেশবাসীর কাছে ক্ষমা চাইছি’, ‘রামায়ণ’ মুক্তির আগে কেন বললেন ‘আদিপুরুষ’ লেখক?

প্রভাস ও কৃতি স্যানন অভিনীত এই ছবিকে ঘিরে তৈরি হওয়া দেশজোড়া বিক্ষোভের কথা স্মরণ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে অত্যন্ত অনুতপ্ত গলায় মনোজ বলেন, "শুরুর দিকে বিষয়টা আমি তেমন গুরুত্ব দিইনি। কিন্তু সবটা বুঝতে আমার দু’দিন সময় লেগেছিল।

দেশবাসীর কাছে ক্ষমা চাইছি, রামায়ণ মুক্তির আগে কেন বললেন আদিপুরুষ লেখক?

|

Jul 25, 2026 | 5:56 PM

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর কেটে গিয়েছে তিন-তিনটি বছর। কিন্তু বিতর্ক ও ট্রোলের যে ঝড় উঠেছিল, তার অভিঘাত আজও ভুলতে পারেননি ছবির সংলাপ রচয়িতা মনোজ মুন্তাশির। রামায়ণ অবলম্বনে তৈরি ওম রাউতের মেগা বাজেট ছবি ‘আদিপুরুষ’ (Adipurush)-কে এবার খোলামেলাভাবে নিজের জীবনের “সবচেয়ে বড় ভুল” বলে স্বীকার করে নিলেন তিনি। শুধু তাই নয়, ছবিটির পক্ষে সাফাই গাওয়াকে আরও বড় অপরাধ বলে আখ্যা দিয়ে গোটা দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এই প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার।

প্রভাস ও কৃতি স্যানন অভিনীত এই ছবিকে ঘিরে তৈরি হওয়া দেশজোড়া বিক্ষোভের কথা স্মরণ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে অত্যন্ত অনুতপ্ত গলায় মনোজ বলেন, “শুরুর দিকে বিষয়টা আমি তেমন গুরুত্ব দিইনি। কিন্তু সবটা বুঝতে আমার দু’দিন সময় লেগেছিল। ‘আদিপুরুষ’ ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর সেই ছবিকে বাঁচানোর জন্য যুক্তি দেওয়াটা ছিল আরও বড় অপরাধ। ছবিটিকে ঘিরে যা কিছু ঘটেছে, তার জন্য আমি অত্যন্ত লজ্জিত। যা ঘটেছে তার জন্য আমি পুরো দেশের কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করছি।”

২০২৩ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। রামায়ণের মতো পবিত্র মহাকাব্য নির্ভর ছবি হলেও, মুক্তির পর থেকেই দর্শকমহলে তীব্র আক্রমণের মুখে পড়ে ছবিটি। মহাকাব্যের মূল চরিত্র ও পরিবেশনাকে বিকৃত করার অভিযোগ ওঠে নির্মাতাদের বিরুদ্ধে। বিশেষ করে রাবণ ও ভগবান হনুমানের চিত্রায়ন এবং চরিত্রগুলির মুখে বসানো চলতি ভাষার কুরুচিকর সংলাপ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন আমজনতা থেকে ধর্মীয় সংগঠনগুলি। ব্যাপক বিতর্কের মুখে ‘কাপড়া তেরে বাপ কা’র মতো বিতর্কিত সংলাপ বদলে ফেলা হলেও তাতে ছবির ভাগ্য বদলায়নি। এমনকী, ছবির সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টেও আর্জি জানানো হয়েছিল, যদিও দেশের শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

এর আগে ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী কৃতি স্যাননও ‘আদিপুরুষ’ নিয়ে দর্শকদের এই তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কে মুখ খুলেছিলেন। নিজের গভীর দুঃখের কথা প্রকাশ করে কৃতি বলেছিলেন, “দর্শকদের প্রতিক্রিয়া দেখে মন গভীর কষ্টে ভরে গিয়েছিল, চোখ দিয়ে জল চলে এসেছিল। বারবার মনে হচ্ছিল ঠিক কোথায় ভুল হয়ে গেল! কোনও উদ্দেশ্যেই কারও অনুভূতিতে আঘাত দেওয়ার ইচ্ছা আমাদের ছিল না। তবে সত্যটা মেনে নিতেই হবে যে, কখনও কখনও প্রচেষ্টাগুলো কাজে আসে না। এই অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে জরুরি।”

Follow Us