
ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা রমাকান্ত দয়ামা (Ramakant Dayama) প্রয়াত। ২৬ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণের খবরে স্বভাবতই গভীর শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী ও বিনোদন জগতের সহকর্মীদের মধ্যে। রুপোলি পর্দায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে অনেকেই সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। শাহরুখ খানের সঙ্গে চক দে ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী তথা ঘনিষ্ঠ বন্ধু শুভাঙ্গি লাটকর (Shubhangi Latkar)। অত্যন্ত আবেগঘন হয়ে সোশাল মিডিয়া একটি পুরনো ভিডিও শেয়ার করে তিনি তাঁর প্রিয় বন্ধুর চলে যাওয়ার খবরটি সকলকে জানান।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওটিতে প্রয়াত এই প্রবীণ অভিনেতাকে একটি ঘরোয়া আড্ডায় বন্ধুদের সঙ্গে ভীষণ আনন্দ করতে, গান গাইতে এবং নাচতে দেখা গিয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যে কতটা প্রাণোচ্ছল ছিলেন, ভিডিওটি তারই প্রমাণ।
ভিডিওটির ক্যাপশনে শুভাঙ্গি লেখেন, “আজ আমরা এক অত্যন্ত পবিত্র আত্মাকে হারালাম… আমি সত্যিই ভেঙে পড়েছি। রমাকান্ত দয়ামা কেবল আমার একজন প্রিয় বন্ধু বা পারিবারিক বন্ধুই ছিলেন না, তিনি এমন একজন মানুষ ছিলেন যাঁকে আমি গভীরভাবে শ্রদ্ধা করতাম ও ভালোবাসতাম। জীবন, উষ্ণতা আর অফুরন্ত শক্তিতে ভরপুর একজন মানুষ। জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েও কীভাবে জীবনকে উপভোগ করতে হয়, তা তিনি খুব ভালো করে জানতেন। তিনি একাধারে যেমন দুর্দান্ত নাচতেন, তেমনই মন ছুঁয়ে যাওয়া গান গাইতেন এবং একজন তুখোড় অভিনেতা তো ছিলেনই। আমার কাছে তিনি ছিলেন এক বিজ্ঞ পরামর্শদাতা, যাঁর প্রতিটি কথার গভীর অর্থ থাকত।”
তিনি আরও যোগ করেন, “শারীরিক গঠনে তাঁকে হয়তো কিছুটা ছোটখাটো দেখাত, কিন্তু আমার চেনা মানুষদের মধ্যে তিনি ছিলেন অন্যতম শক্তিশালী এবং সাহসী একজন মানুষ। আমরা সবাই জানতাম যে তিনি গত কয়েক মাস ধরে বেশ অসুস্থ ছিলেন, কিন্তু মনের কোণে কোথাও একটা আশা থেকেই যায়… আমাদের একসঙ্গে কত পরিকল্পনা বাকি থেকে গেল। কত বছর পর আমার তীব্র ইচ্ছে ছিল ওঁর সঙ্গে আবার কাজ করার। আমরা একসঙ্গে একটা চমৎকার হিন্দি নাটক করব বলে ঠিক করেছিলাম। আমি যখন ওঁকে অনুরোধ করি, উনি হেসে বলেছিলেন, ‘আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে দাও।’ এমনকি আমরা মঞ্চে একসঙ্গে কিছু বাছাই করা সুন্দর কবিতা পাঠ করার পরিকল্পনাও করেছিলাম। সেই স্বপ্নটাও এখন অধরাই রয়ে গেল…”
পোস্টের শেষে আবেগপ্রবণ শুভাঙ্গি লেখেন, “কিছু কিছু ক্ষতি এমন এক শূন্যতা তৈরি করে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আজকের দিনটা ঠিক তেমনই একটা দিন। আপনাকে খুব মিস করব রমাকান্ত জি। আপনার আন্তরিকতা, আপনার সাহস, আপনার শিল্প এবং আপনার সুন্দর মন আমাদের হৃদয়ে সর্বদা বেঁচে থাকবে। আপনার আত্মা শান্তি পাক।”
শুভাঙ্গির এই পোস্টের পর থেকেই অনুরাগীরা প্রবীণ অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করতে শুরু করেন। এক অনুরাগী লিখেছেন, “খবরটা শুনে সত্যিই খুব মর্মাহত হলাম। ওম শান্তি।” অন্য একজন লিখেছেন, “আমিও স্তম্ভিত।” অপর এক মন্তব্যকারী লিখেছেন, “একদম সত্যি কথা, উনি এক অসাধারণ মানুষ ছিলেন। প্রতিভার খনি, অফুরন্ত এনার্জির উৎস এবং একজন সত্যিকারের বন্ধু…”।
প্রবীণ এই অভিনেতার আকস্মিক মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তাঁর চলে যাওয়া যে বিনোদন জগতের এক বড় ক্ষতি, তা মানছেন সকলেই।