
দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করার পর এবার নাকি আলগা হল সম্পর্কের বাঁধন। বলিপাড়া ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি ধনুশ এবং ম্রুণাল ঠাকুর নাকি এবার নিজেদের পথ আলাদা করে নিয়েছেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দুই তারকার মধ্যে সম্পর্কের ইতি ঘটেছে। তবে ঠিক কী কারণে এই বিচ্ছেদ, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
ধনুশ ও ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়, বেশ কিছুদিন ধরেই তাঁদের রসায়ন নিয়ে মেতে ছিল পেজ থ্রি-র পাতা। ঘটনার সূত্রপাত ২০১৫ সালের আগস্ট মাসে, যখন মৃণালের ‘সন অব সর্দার ২’ ছবির প্রিমিয়ারে ধনুশকে তাঁর পাশে দেখা যায়। শুধু তাই নয়, এর আগে ধনুশের ছবি ‘তেরে ইশক মে’-র র্যাপ-আপ পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নজর কেড়েছিল সবার। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ধনুশের দুই বোন— ডাঃ কার্তিকা কার্তিক এবং বিমলা গীতার সঙ্গে ম্রুণালের সখ্যতা এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছিল।
এর আগে ধনুশ ঘনিষ্ঠ জানিয়েছিল, ” ম্রুণাল ও ধনুশ সত্যি ডেট করছেন। তবে সম্পর্কটি একেবারেই নতুন, তাই এখনই সংবাদমাধ্যম বা সাধারণ মানুষের সামনে তা অফিশিয়াল করার কোনও পরিকল্পনা তাঁদের নেই। একই সঙ্গে, প্রকাশ্যে একসঙ্গে ঘুরে বেড়াতেও তাঁরা কোনও দ্বিধাবোধ করছেন না। তাঁদের মূল্যবোধ, পছন্দ এবং চিন্তাভাবনা এতটাই এক যে বন্ধুরা সবাই তাঁদের এই জুটিকে দারুণ পছন্দ করছেন।”
যদিও গত বছরই এই সমস্ত জল্পনায় জল ঢেলে মৃণাল ঠাকুর দাবি করেছিলেন যে, ধনুশ তাঁর “শুধুমাত্র একজন ভালো বন্ধু”।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই জুটির বিয়ের খবর নিয়েও তীব্র গুঞ্জন ছড়ায়। এমনকী, দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে ধনুশ ও মৃণালের বেশ কিছু এআই-জেনারেটেড (AI-generated) ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে পরবর্তীতে দুই তারকার ঘনিষ্ঠ সূত্র এই খবর ভুয়ো বলে উড়িয়ে দিয়ে জানায়, “মৃণাল আগামী মাসে কোনও বিয়ে করছেন না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি গুজব।”
প্রসঙ্গত, ধনুশ এর আগে মেগাস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০০৩ সালে ‘কাদাল কোন্ডেন’ ছবির সেটে তাঁদের আলাপ হয়। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২২ সালে তাঁরা পারস্পরিক বিচ্ছেদের ঘোষণা করেন। তাঁদের দুটি পুত্রসন্তান রয়েছে।