
ভক্তদের ঐক্য ও শক্তিকে এবার সরাসরি সমাজসেবায় কাজে লাগানোর বার্তা দিলেন দক্ষিণী তারকা তথা অভিনেতা-পরিচালক ধনুশ। আর তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তামিল ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা ‘থালাপতি’ বিজয়ের রাজনীতিতে আত্মপ্রকাশের পর এবার কি তবে ধনুশও সেই একই পথে হাঁটতে চলেছেন?—এই প্রশ্নেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।
রবিবার ধনুশের ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এক বৃহৎ রক্তদান শিবিরে হাজির হয়ে বক্তব্য রাখছিলেন অভিনেতা। সেখানেই ভক্তদের উদ্দেশ্য করে সিনেমা কেন্দ্রিক উদযাপনের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কল্যাণে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
মঞ্চে উঠে অনুরাগীদের উৎসাহিত করে ধনুশ বলেন, “এখানে এত মানুষ একসাথে জড়ো হয়েছেন। এই ধরণের একতার মধ্যে এক অদ্ভুত শক্তি লুকিয়ে থাকে। আমাদের সেই শক্তিকে একটি সঠিক উদ্দেশ্যে কাজে লাগাতে হবে। শুধুমাত্র সিনেমার অডিও লঞ্চ কিংবা গ্যাদারিংয়ের মধ্যে নিজেদের সীমিত না রেখে আরও বেশি করে সমাজসেবামূলক কাজে যুক্ত হতে হবে। আপনাদের নিজেদের এলাকার মানুষের চাহিদা বুঝুন, চারপাশের পরিবারগুলোর পাশে দাঁড়ান এবং যেভাবেই হোক তাদের সাহায্য করুন। যতটা সম্ভব মানুষের উপকার করুন, যাতে আপনাদের নিয়ে আমি আরও বেশি গর্ববোধ করতে পারি। আমার বিশ্বাস আপনারা এটা করবেন।”
সামাজিক মাধ্যমে অভিনেতার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ এটিকে রাজনীতিতে প্রবেশের পূর্বপ্রস্তুতি বলেই মনে করছেন। এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লিখেছেন, “মনে হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়ার লাইনটা দিন দিন আরও দীর্ঘ হচ্ছে! সবাই ভাবছে ‘থালাপতি বিজয় যদি রাজনীতিতে আসতে পারে, তবে আমি নয় কেন?'” অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “রাজনীতিতে স্বাগত ধনুশ! তামিলনাড়ুর এখন শিক্ষিত, সুশৃঙ্খল ও সাহসী কণ্ঠস্বরের প্রয়োজন, শুধু ক্ষমতার পেছনে ছোটা অভিনেতাদের নয়।” পাশাপাশি আরেক অনুরাগী আশাবাদী সুর মিলিয়ে লিখেছেন, “মনে হচ্ছে প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন ধনুশ।”