
বিশ্বসংগীতের মঞ্চে আজ তাঁর নামটাই একটা ব্র্যান্ড। কোচেলা (Coachella) মিউজিক ফেস্টিভ্যাল মাতানো প্রথম পাঞ্জাবি গায়ক হোন কিংবা হলিউডের বিখ্যাত ‘দ্য টুনাইট শো’-তে জিমি ফ্যালনের সঙ্গে জমকালো উপস্থিতি— পপ তারকা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) আজ আন্তর্জাতিক স্তরে ভারতের এক অনন্য গর্ব। তাঁর ‘দিল-লুমিনাটি’ (Dil-Luminati) কনসার্টের টিকিট পেতে এখন বিশ্বজুড়ে হাহাকার পড়ে যায়। কিন্তু সাফল্যের এই ঝাঁ-চকচকে চূড়ায় পৌঁছনোর পথটা দিলজিতের জন্য মোটেও সহজ ছিল না। একসময় সামান্য কয়েক হাজার টাকার জন্য বিয়েবাড়িতে গান গাওয়া সেই সাধারণ তরুণটি আজ কীভাবে হাজার কোটির সম্পত্তির মালিক হলেন, তা যেকোনও রূপকথাকেও হার মানায়।
পাঞ্জাবের জলন্ধরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম দিলজিতের। বাবা ছিলেন রেলের সামান্য কর্মচারী। ছোটবেলা থেকেই কীর্তন এবং লোকসংগীতের প্রতি তীব্র টান ছিল তাঁর। এরপর গুরুদ্বারে গান গাওয়ার মাধ্যমে তাঁর সংগীত সফরের সূচনা হয়। গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার শুরুর দিনগুলিতে রুটিরুজির টানে পঞ্জাবের বিভিন্ন বিয়েবাড়ি বা স্থানীয় অনুষ্ঠানে নেচে-গেয়ে বিনোদন জোগাতেন তিনি। সেই সময়ে একটি গোটা অনুষ্ঠানের জন্য তাঁর পারিশ্রমিক ছিল মাত্র ১০ হাজার টাকা। অনেক সময় তার চেয়েও কম টাকায় পারফর্ম করতে হয়েছে তাঁকে। কিন্তু নিজের প্রতিভা আর মাটির কাছাকাছি থাকা স্বভাবের জোরে দ্রুতই পঞ্জাববাসীর নয়নের মণি হয়ে ওঠেন তিনি।
পঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রি জয় করে ‘উড়তা পাঞ্জাব’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন দিলজিৎ। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট এবং ট্রেড অ্যানালিস্টদের হিসাব অনুযায়ী, দিলজিৎ দোসাঞ্জের মোট সম্পত্তির পরিমাণ (Net Worth) প্রায় ১৭০ থেকে ১৮০ কোটি টাকা (কারও কারও মতে গ্লোবাল ট্যুরের লভ্যাংশ মিলিয়ে তাঁর ব্র্যান্ড ভ্যালু কয়েক হাজার কোটি ছাড়িয়েছে)।
আজ দিলজিৎ ভারতের অন্যতম সর্বোচ্চ করদাতা (Highest Taxpayer) তারকাদের একজন। এখন আর তিনি ১০ হাজারে গান গান না, রিপোর্ট অনুযায়ী বর্তমানে একটি লাইভ কনসার্ট বা প্রাইভেট শো-র জন্য দিলজিৎ প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। পাশাপাশি সিনেমা প্রতি তাঁর পারিশ্রমিক এখন প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা।
ব্যক্তিগত জীবনে দারুণ শৌখিন দিলজিৎ। ভারতের পাশাপাশি বিদেশেও রয়েছে তাঁর বিপুল সম্পত্তি। মুম্বইয়ের খার অঞ্চলে একটি বিলাসবহুল ফ্ল্যাট ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং কানাডার টরন্টোতে আলিশান ডুপ্লে বাংলো রয়েছে এই তারকার। জুতোর প্রতি তাঁর চরম দুর্বলতার কথা সবার জানা। তাঁর সংগ্রহে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি লাক্সারি ব্র্যান্ডের স্নিকার্স ও পোশাক।
দিলজিতের গ্যারেজে নজর দিলে দেখা যাবে একগুচ্ছ বিলাসবহুল গাড়ি। যার মধ্যে রয়েছে—
প্রায় ২.৫ কোটি টাকার পোর্শে প্যানামেরা (Porsche Panamera)
মার্সিডিজ বেঞ্জ জি-ওয়াগন (Mercedes-Benz G-Wagon)
বিএমডব্লিউ ফাইভ সিরিজ (BMW 5 Series)
একটি মিৎসুবিশি পাজেরো (Mitsubishi Pajero)
সম্প্রতি দিলজিৎকে দেখা গিয়েছে ইমতায়িজ আলির ছবি ম্যায় ওপাস আয়ুঙ্গাতে। ছবিতে প্রশংসিত হয়েছে দিলজিতের অভিনয়।