Exclusive: কলকাতায় তসলিমাকে নিয়ে চলছে তথ্যচিত্রের শুটিং, পরিচালনায় সৌম্য সেনগুপ্ত

Taslima Nasrin Documentary: বাংলা সাহিত্যিক ও মানবাধিকার কর্মী তসলিমা নাসরিনের জীবন ও দীর্ঘ সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে বিশেষ তথ্যচিত্র 'লজ্জা, শেম অফ এ নেশান'। সৌম্য সেনগুপ্তের পরিচালনায় দিল্লি ও কলকাতার নানা ঐতিহাসিক স্থানে চলছে এর দৃশ্যগ্রহণ।

Exclusive: কলকাতায় তসলিমাকে নিয়ে চলছে তথ্যচিত্রের শুটিং, পরিচালনায় সৌম্য সেনগুপ্ত
কী বলেছেন পরিচালক?

| Edited By: বৈশালী পাল

Aug 04, 2026 | 10:55 AM

বাংলা সাহিত্যিক, নারী স্বাধীনতা ও মানবাধিকার আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠ তসলিমা নাসরিনের জীবন, সাহিত্য, প্রতিবাদ ও দীর্ঘ সংগ্রাম নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের কাজ চলছে।

পরিচালক সৌম্য সেনগুপ্তের এই তথ্যচিত্রে তসলিমার জীবনের বিভিন্ন অধ্যায়, লেখক হিসেবে তাঁর অবদান, মৌলবাদ ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তাঁর তীব্র প্রতিবাদ, তাঁর নির্বাসন জীবন, প্রেম, এবং নারী স্বাধীনতার লড়াই, বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

পরিচালক সৌম্য সেনগুপ্ত টিভিনাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “এর আগে বিদেশে নানা ভাষায় তসলিমাকে নিয়ে তথ্যচিত্র তৈরি হলেও, বাংলা ভাষায় উপমহাদেশে তাঁকে নিয়ে এই প্রথম কাজ হচ্ছে। বেশ কিছু অংশের শুটিং ইতিমধ্যে দিল্লিতে সম্পন্ন হয়েছে। বর্তমানে শুটিং চলছে কলকাতায়। তথ্যচিত্রের প্রযোজক সৌভিক ভট্টাচার্য ও সৌম্য সেনগুপ্ত নিজে। নিবেদনে ইডিওটস বক্স।”

পরিচালক আরও বলেন, “তসলিমা নাসরিনের জীবন শুধু একজন লেখকের গল্প নয়। এটি প্রতিবাদের, সাহসের এবং মুক্ত চিন্তার লড়াইয়ের গল্প। তাঁর সাহিত্য, তাঁর প্রতিবাদ এবং তাঁর জীবনের নানা বাঁক এই তথ্যচিত্রে তুলে ধরার চেষ্টা করছি।” তথ্যচিত্রের নাম ‘লজ্জা, শেম অফ এ নেশান’।

এই তথ্যচিত্রে বাংলাদেশের কোনও স্মৃতি না থাকার বিষয়ে টিভি ৯ বাংলাকে তসলিমা বলেছেন, “বাংলাদেশে তো আমি যেতে পারিনা, অবশ্যই সেই মুহূর্ত গুলো পাবোনা। তবে যিনি এই তথ্যচিত্র বানাচ্ছেন তিনি কীভাবে সাজাবেন সেটা পুরোপুরি তাঁর ওপরই নির্ভর করছে।”

তথ্যচিত্রটি ডিজিটাল মাধ্যমে ও অন্যান্য প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এই বছরেই মুক্তি পাবে তথ্যচিত্রটি।

তসলিমা নাসরিনের জীবন ও সংগ্রাম নিয়ে এই তথ্যচিত্র বাঙালি ও ভারতীয় দর্শকদের কাছে নতুন করে আলোচনার জন্ম দেবে বলে আশা করা হচ্ছে।

দিল্লির শুটের পর কলকাতার কফি হাউসে শুট হয়, এছাড়াও বেগম রোকেয়ার সমাধিতে শুট হবে। সঙ্গে কলকাতায় তসলিমার বিভিন্ন বন্ধুবান্ধব ও বিভিন্ন প্রকাশনীর দফতরে শুট চলছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us