
গায়ক দুর্নিবার সাহা এবং মোহরের সম্পর্ক বরাবরই নেটিজেনদের চর্চার কেন্দ্রে জায়গা করে এসেছে। তাঁদের প্রেম থেকে শুরু করে দাম্পত্য জীবনের এক সুন্দর জার্নি টেলিদুনিয়ার দর্শকদের কাছে অজানা নয়। দুর্নিবার এবং মোহরের সম্পর্ক দর্শকদের কাছে এক মিষ্টি প্রেমের গল্প। দুজনেই তাঁদের কর্মজীবন ও ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত। দুই ব্যালান্স করেই চলছেন তাঁরা। দুর্নিবার যেমন তাঁর সঙ্গীত এবং অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, মোহরও তাঁর জায়গায় প্রতিষ্ঠিত।
তাঁদের একে অপরের প্রতি গভীর ভালবাসার কথা কারও অজানা নয়। তবে ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহে এ কোন ছবি সামনে এলো? দুর্নিবারের জীবনে এবার অন্য কেউ? ভালবাসার সপ্তাহে এ কোন ইঙ্গিত! সম্প্রতি, গানে গানে দুর্নিবার এক অন্য প্রেমের গল্প শোনালেন। নাহ, তার সঙ্গে যদিও তাঁর ব্যক্তি জীবনের কোনও সম্পর্ক নেই। কারণ কথা হচ্ছে দুর্নিবারের নতুন গান ‘বিকেলবেলা’-নিয়ে। যার মধ্যে দিয়ে তিনি যে প্রেমের ইস্তেহার করছেন, কথা হচ্ছে তা নিয়ে। এই ‘বিকেলবেলা’ মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন রাজেশ্বর এবং পর্ণা। “গল্পের মায়াজাল” এবং বেশ কিছু ছবিতে রাজেশ্বর অভিনয় করেছেন। রাজেশ্বরের কথায়, “প্রেম বলতেই তো আমরা গোলাপ ফুল, কার্ডস এসব বুঝি, কিন্তু প্রেম মানে কিন্তু বিরহও বটে। সব প্রেমেই বিরহ লুকিয়ে থাকে। আমাদের নতুন প্রেমের গান ‘বিকেলবেলা’ সেই বিরহকে ফুটিয়ে তোলে।”
ইতিমধ্যেই ‘বিকেলবেলা’-র ট্রেলার বেরিয়েছে। যা ইতিমধ্যেই সকলের ভালবাসা কুড়িয়েছে। কথা এবং সুর নীল সরকারের। মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন শান্তনু মিত্র। ‘বিকেলবেলা’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। সোশ্যাল মিডিয়ায় প্রেমের দিবসের প্রাক্কালে বিরহের সুর!
গানে-গানে দুর্নিবার প্রেম নিবেদন করেছেন ঠিকই, তবে তা কোনও তৃতীয় ব্যক্তির উদ্দেশে নয়। তাঁর বৈবাহিক জীবন বেশ সুখেই কাটছে। দুর্নিবার ও মোহরের দাম্পত্য জীবন নিয়ে নানা সময় সংবাদমাধ্যমে আলোচনা হলেও, তাঁরা নিজেদের সম্পর্কে কিছুই গোপন রাখেননি। তাঁরা একে অন্যের হাত ধরে দিব্যি সুখে রয়েছেন।