
স্বামী জায়েদ দরবারের এক অদ্ভুত এবং গোপন অভ্যাসের কথা প্রকাশ্যে এনে সম্প্রতি নেটপাড়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছেন বলিউড অভিনেত্রী গওহর খান। নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদীর সঙ্গে এক বিশেষ আড্ডায় গওহর জানান, জায়েদের নাকি ‘আন্ডারআর্ম ফেটিশ’ (Underarm fetish) রয়েছে! জায়েদের ধারণা, গওহরের বগল নাকি সবসময় সতেজ সুবাসে ভরা থাকে। তাই সুযোগ পেলেই তিনি তা শুঁকতে শুরু করেন, এমনকি নিজের বোনকেও ডেকে শোনান গওহরের সুবাসের কথা।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে নেহা ধুপিয়া যখন সরাসরি জায়েদের এই অভ্যাসের কথা তোলেন, তখন অবাক হয়ে যান গওহর। হাসতে হাসতে প্রশ্ন তোলেন, “তোমরা এসব তথ্য কোথা থেকে পাচ্ছ? তোমরা কি আমাদের শোয়ার ঘরেও নজর রাখছ নাকি?” জবাবে জায়েদ লজ্জিত হেসে বলেন, “না না, ওরকম কিছু নয়! আসলে ওর ত্বকটা একদম বাচ্চার মতো নরম।”
কথার মাঝেই গওহর যোগ করেন, “ওর ধারণা আমার আন্ডারআর্ম সবসময় ভীষণ ফ্রেশ গন্ধ ছড়ায়। তাই ও বিন্দুমাত্র দ্বিধা না করে আমার বগল শুঁকতে শুরু করে এবং নিজের বোনকেও গিয়ে বলে— দেখ কী সুন্দর সুবাস আসছে!” জায়েদও মিষ্টি হেসে স্বীকার করে নেন, “আমি অন্য কিছু করি না, শুধু হাত দিয়ে ছুঁয়ে দেখি আর সুবাস নিই।” গওহর-জায়েদের এই অকপট স্বীকারোক্তিতে হেসেই আকুল হন নেহা ও অঙ্গদ। ভিডিয়োটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
একই সাক্ষাৎকারে নিজেদের বৈবাহিক জীবনের শুরুর দিকের সংগ্রামের কথা তুলে ধরেন এই তারকা দম্পতি। গওহর জায়েদের থেকে বয়সে ৬ বছরের বড় হওয়ায় প্রথমে উভয় পরিবারই এই বিয়েতে রাজি ছিল না। গওহর স্মৃতিচারণ করে বলেন, “সম্পর্কের মাত্র এক মাসের মাথায় জায়েদ আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বয়সের ব্যবধানের কথা তুলে পরিবার আপত্তি জানায়। তবে আমরা দুজনেই নিজেদের সিদ্ধান্তে পরিষ্কার ছিলাম। আমরা জানিয়ে দিই, কারও সমস্যা থাকলে বিয়েতে না-ও আসতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিকাহ্ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। আমি ভাবিনি জায়েদ কাঁদবে, কিন্তু আমার এন্ট্রির সময় ও কেঁদে ফেলেছিল।”
জায়েদও আবেগপ্রবণ হয়ে বলেন, “গওহরকে দেখার পর প্রায় ১০ মিনিট আমি নিজের কান্না থামাতে পারিনি।” ২০২০ সালের ২৫ ডিসেম্বর ঘরোয়া অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছিলেন গওহর ও জায়েদ। বর্তমানে তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান— ২০২৩ সালের ১০ মে জন্ম নেয় প্রথম সন্তান জেহান এবং ২০২৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম হয় ছোট ছেলে ফারওয়ানের।