
ক্যানসারের মতো মারণরোগের সঙ্গে লড়াইয়ের সেই চরম সংকটময় দিনগুলোতে সঙ্গী রকি জয়সওয়ালকে অন্য কাউকে বিয়ে করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী হিনা খান। সম্পর্কের সেই কঠিন মুহূর্ত ও টানাপোড়েন নিয়ে সম্প্রতি মুখ খুললেন ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, তাঁদের সম্পর্কের এই টানাপোড়েন কোনও পারস্পরিক অমিল বা মনকষাকষির কারণে তৈরি হয়নি; বরং জীবনের কঠিন স্বাস্থ্যসংকটই পরীক্ষা নিয়েছিল তাঁদের ভালোবাসার।
নিজের পডকাস্ট ‘POV’-তে এসে সেই স্মৃতি রোমন্থন করেন হিনা। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে (Stage 3 Breast Cancer) চিকিৎসারত অবস্থাতেই ৩৯ বছর বয়সি রকির সঙ্গে অত্যন্ত ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। তবে বিয়ের পরেই ‘পতি, পত্নী, অউর পঙ্গা’ নামে একটি রিয়েলিটি শো-তে অংশ নেওয়ার পর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁদের। অনেকেই এই বিয়েকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে দাবি করেছিলেন।
সেই সময়ের কথা মনে করে হিনা জোর দিয়ে বলেন, তাঁদের মধ্যে কঠিন সময় এসেছে ঠিকই, তবে তা মেলবন্ধনের অভাবে নয়, ছিল বাস্তব জীবনের সংকট। ক্যানসারের চিকিৎসার কথা উল্লেখ করে হিনা জানান, এমন কিছু মুহূর্ত এসেছিল যখন তিনি রকিকে অন্য কাউকে বিয়ে করার কথা বলেছিলেন। তিনি রকিকে জানিয়েছিলেন, অসুস্থতার পর জীবনের অনেক কিছুই আর আগের মতো থাকবে না।
হিনা আরও বলেন, “ওখানেই আসলে ভালোবাসার পরীক্ষা হয়, যদিও আমি ওকে পরীক্ষা করছিলাম না। রকি যদি তখন অন্য কোনও পথ বেছে নিত, তাহলেও আমি ওর জন্য খুশি হতাম। কারণ আমার সঙ্গে থাকার চেয়েও ওর নিজের খুশি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।”
তবে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও রকি হিনার পাশ ছাড়েননি। জীবনের সেই কঠিন সময়ে শক্ত হাত ধরে পাশে থেকেছেন। হিনা জানান, সেই সময় যাঁরা তাঁর আশেপাশে ছিলেন, তাঁরা সবাই জানেন একমাত্র রকির জন্যই তিনি ওই মারাত্মক পরিস্থিতি অতিক্রম করতে পেরেছিলেন। হিনার কথায়, “রকি পুরো কঠিন বিষয়টাকেই অত্যন্ত সহজ করে দিয়েছিল।”
অন্যদিকে, বিয়ের প্রচারভিত্তিক জল্পনা প্রসঙ্গে হিনা বলেন, “মানুষ কী বলল তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা সত্যিটা জানি। প্রচারের দৃষ্টিকোণ থেকে দেখলে আসল কারণটাই হারিয়ে যায়।” রকিও যোগ করেন, মানুষ আজকাল ভুয়ো খবর বিশ্বাস করতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে তাঁরা ধরে নিয়েছিল শোয়ের জন্যই হয়তো এই বিয়েটা হয়েছে।
ক্যানসারের মাঝেই কেন বিয়ের সিদ্ধান্ত, তা ব্যাখ্যা করতে গিয়ে হিনা জানান, তাঁরা দীর্ঘ ১৩-১৪ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকলেও হয়তো স্বাভাবিক পরিস্থিতিতে এত তাড়াতাড়ি বিয়ে করতেন না। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে মাসের পর মাস আগেই তাঁদের বিয়ের আবেদন ও তারিখ নির্ধারণ করা ছিল। হিনা বলেন, “আগামীকাল কী হতে চলেছে তা আমরা কেউ জানতাম না, তাই তড়িঘড়ি বিয়েটা সেরে ফেলি।”
উল্লেখ্য, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটেই হিনা ও রকির প্রথম দেখা। যেখানে হিনা ছিলেন কেন্দ্রীয় চরিত্র ‘অক্ষরা’ এবং রকি ছিলেন সুপারভাইজিং প্রযোজক। সহকর্মী থেকে ধীরে ধীরে তাঁদের প্রেমের সম্পর্কের সূচনা। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ডেট করার পর গত বছর এক ঘনিষ্ঠ আয়োজনে আইনি মতে বিয়ে সারেন তাঁরা।