
টালিগঞ্জ স্টুডিওপাড়ার অন্দরে গত কয়েক দিনে সম্পর্কের সমীকরণ বেশ তিক্ত হয়েছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল, তাতে ঘি ঢেলেছিলেন জিতু কামাল। এবার সেই বিতর্কের রেশ টেনেই এক কলাকুশলীকে ৩৩ হাজার টাকার চেক তুলে দিলেন তিনি। আর সেই চেকের ছবি ফেসবুকে পোস্ট করে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নিন্দুকদের দিকে।
ঘটনার সূত্রপাত গত শনিবার। রাহুলের মৃত্যুর বিচারের দাবিতে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে সরব হয়েছিলেন জিতু। তবে প্রতিবাদের ধরন ছিল অভাবনীয়— রাহুলের ছবির পাশে নিজের ছবিতেও মালা পরিয়ে ছিলেন তিনি। এই কাজকে ‘অসংবেদনশীল’ ও ‘সময়জ্ঞানহীন’ বলে তোপ দাগেন অভ্রজিৎ চক্রবর্তী থেকে শুরু করে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যের মতো শিল্পীরা। কিন্তু জিতু নিজের অবস্থানে ছিলেন অনড়।
গত মঙ্গলবার রাহুলের মৃত্যুর প্রতিবাদে টলিপাড়ায় কর্মবিরতি পালন করা হয়। কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েন দিনমজুর টেকনিশিয়ানরা। সেই সময় জিতু ঘোষণা করেছিলেন যে, তাঁর ইউনিটের কলাকুশলীদের আর্থিক ক্ষতি তিনি নিজে সামলাবেন। বুধবার টলিপাড়া স্বাভাবিক ছন্দে ফিরতেই দেখা গেল জিতু তাঁর কথা রেখেছেন। তাপস চক্রবর্তী নামে জনৈক এক টেকনিশিয়ানকে ৩৩ হাজার টাকার চেক দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
চেকের ছবি পোস্ট করে জিতু লিখেছেন, “যারা আমার প্রতীকী প্রতিবাদ দেখে বলেছিলেন আমার সময়-জ্ঞান নেই বা আরও অনেক কটাক্ষ করেছিলেন, তাদের বলছি— টেকনিশিয়ানের পাশে দাঁড়ানো এটা নিশ্চয়ই আপনারা সৎ প্রয়াস বলেই বিবেচনা করবেন। তাই আপনাদের প্রোফাইলে এবার প্রশংসার একটা লাইন দেখার আশা রাখি।” এখানেই শেষ নয়, অভিনেতা বিদ্রুপের সুরে আরও যোগ করেন, “বলেছিলাম না এবার থেকে ‘আত্মপ্রচার’ করব, তাই করছি।” জিতুর এই ‘সাহায্য’ প্রশংসা কুড়োলেও, অনেকে মনে করছেন সাহায্যের কথা এভাবে ঢাক পিটিয়ে বলাটা আসলে ইগোর লড়াই। তবে জিতু বুঝিয়ে দিলেন, তিনি এখন আর পর্দার আড়ালে নয়, বরং ‘অ্যাকশন’ ও ‘রিঅ্যাকশন’—দুটোতেই সামনের সারিতে থাকতে চান। রাহুলের প্রয়াণ ঘিরে টলিউডে যে বিভাজন তৈরি হয়েছে, জীতু কামালের এই সাম্প্রতিক পদক্ষেপ সেই বিতর্কের আগুনে নতুন করে ইন্ধন জোগাল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।