
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী জেনিফার উইঙ্গেট কি তবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন? টিনসেল টাউনে এখন জোর গুঞ্জন, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। পাত্র দীর্ঘদিনের চর্চিত প্রেমিক উইলিয়াম ইশমায়েল। আগামী বৃহস্পতিবারই নাকি যুক্তরাজ্যের (UK) মাটিতে অত্যন্ত গোপনে চার হাত এক হতে চলেছে এই জুটির।
জানা গিয়েছে, জেনিফারের এই বিয়ে অত্যন্ত ব্যক্তিগত স্তরে রাখা হচ্ছে। জাঁকজমক এড়িয়ে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান।
খবর অনুযায়ী, জেনিফার ও উইলিয়ামের এই বিয়েতে দেখা যাবে খ্রিস্টান রীতিনীতি মেনে ‘হোয়াইট ওয়েডিং’ থিম। আর নিজের জীবনের এই বিশেষ দিনে জেনিফার সাজবেন বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘কার্লিও’ (Karleo)-র ডিজাইন করা ট্র্যাডিশনাল ব্রাইডাল গাউনে। বেশ কিছুদিন ধরেই জেনিফার ও উইলিয়ামের ডেটিংয়ের খবর ঘুরপাক খাচ্ছিল পেজ থ্রি-র পাতায়। এবার সেই সম্পর্কই পরিণয় পেতে চলেছে বলে খবর।
জেনিফারের ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছে প্রচারের আলোয়। এর আগে নিজের অভিনীত অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গ্যায়ে’-র সহ-অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে ২০১২ সালের ৯ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দুই বছরের মাথায় ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তারপরই করণ বিয়ে করেন বিপাশা বসুকে। এখন ছোট্ট কন্য়া নিয়ে বিপাশা ও করণের সুখের সংসার। আর তারই মাঝে অতীত ভুলে জেনিফারের জীবনের নতুন অধ্যায়ের শুরু।
দীর্ঘ কেরিয়ারে একের পর এক সুপারহিট টেলিভিশন শো উপহার দিয়েছেন জেনিফার। ‘কসৌটি জিন্দেগি কে’, ‘সরস্বতীচন্দ্র’, ‘বেহদ’, ‘বেপনাহ’ এবং ‘দিল মিল গ্যায়ে’-র মতো শো জেনিফারকে ভারতীয় টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের পারদর্শিতা দেখিয়েছেন তিনি। ওটিটি-তে তাঁর অভিনীত ‘কোড এম’ এবং ‘রাইসিংহানি ভার্সেস রাইসিংহানি’র মতো সিরিজগুলো দারুণ প্রশংসিত হয়েছে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ওটিটি-র আরও একটি বড় প্রজেক্ট ‘তালাশ: আ মাদার্স সার্চ’-এ, যেখানে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জেনিফার।