Karan Johar: আলিয়া-করিনাকে টেনে বলিউড নিয়ে বিস্ফোরক করণ, হঠাৎ পরিচালকের কী হল?

Karan Johar on Bollywood stars: করণ জোহরের মতে, সেই অন্ধ অনুকরণের দিন এখন অতীত। বর্তমান সময়ের দর্শকেরা পর্দায় তারকাদের দেখছেন ঠিকই, কিন্তু তাঁদের মতো করে সাজগোজ করার বা তাঁদের অন্ধভাবে অনুকরণ করার তাগিদ এখন আর কারও মধ্যে নেই। ফ্যাশনের চাবিকাঠি এখন আর শুধু তারকাদের হাতে আটকে নেই।

Karan Johar: আলিয়া-করিনাকে টেনে বলিউড নিয়ে বিস্ফোরক করণ, হঠাৎ পরিচালকের কী হল?

|

May 23, 2026 | 5:09 PM

আলিয়া ভাট কিংবা করিনা কাপুর খান— দুজনেই পরিচালক-প্রযোজক করণ জোহরের কতটা কাছের, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আলিয়ার প্রতি তাঁর অন্ধ স্নেহ নিয়ে বলিপাড়ায় প্রায়শই চর্চা চলে। স্বজনপোষণ থেকে শুরু করে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ বরাবরই উঠেছে করণের বিরুদ্ধে। কিন্তু এবার সেই প্রিয় পাত্রীদের নিয়েই সম্পূর্ণ ভিন্ন এক সুর শোনা গেল করণের গলায়। অকপটে তিনি স্বীকার করে নিলেন, “এখনকার দিনে আর কেউ আলিয়া কিংবা করিনাদের মতো হতে চান না।”

একটা সময় ছিল যখন রুপোলি পর্দার তারকাদের ফ্যাশন আমজনতার জীবনযাত্রাকে আক্ষরিক অর্থেই নিয়ন্ত্রণ করত। মাধুরী দীক্ষিতের পরা চুড়িদার থেকে শুরু করে ‘তেরে নাম’ ছবিতে সলমন খানের সেই বিখ্যাত চুলের ছাঁট— পর্দায় যা-ই আসত, অনুরাগীরা হুবহু তা নকল করতেন। তারকাদের লিপস্টিকের শেড কিংবা পোশাকের ধরন দেখেই চলত দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি।

তবে করণ জোহরের মতে, সেই অন্ধ অনুকরণের দিন এখন অতীত। বর্তমান সময়ের দর্শকেরা পর্দায় তারকাদের দেখছেন ঠিকই, কিন্তু তাঁদের মতো করে সাজগোজ করার বা তাঁদের অন্ধভাবে অনুকরণ করার তাগিদ এখন আর কারও মধ্যে নেই। ফ্যাশনের চাবিকাঠি এখন আর শুধু তারকাদের হাতে আটকে নেই।

এর পেছনের আসল কারণ হিসেবে করণ মানুষের মানসিকতার পরিবর্তনকেই তুলে ধরেছেন। তাঁর মতে, আজকের প্রজন্ম সেলিব্রিটিদের ছাঁচে নিজেদের না ঢেলে বরং নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে বেশি পছন্দ করেন।

করণের ভাষায়, “দর্শক তারকাদের অন্ধভাবে নকল করবেন, সেই যুগটা এখন পুরোপুরি চলে গিয়েছে। বর্তমান সময়ের মূল মন্ত্রই হলো নিজস্বতা। এখন কেউ আর করিনা, দীপিকা বা আলিয়া হতে চান না; বরং প্রত্যেকে নিজের মতো করে স্টাইল করতে চান। মানুষ এখন নিজস্বতা বা স্বকীয়তার জন্যই খরচ করতে রাজি।”

বলিউডের এই নামী পরিচালক আসলে মেনে নিয়েছেন যে, আজকের দিনে নায়ক-নায়িকাদের মতো হুবহু দেখতে হওয়াটা আর কোনো কৃতিত্বের বিষয় নয়। বরং সাধারণ মানুষ এখন নিজেদের চেনা গণ্ডির মধ্যেই নিজস্ব একটি ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে ভালোবাসেন এবং নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখাকেই বেশি গুরুত্ব দেন।

Follow Us