KIFF Date Announced: মহানায়কের জন্মশতবর্ষে বিরাট আয়োজন, কবে থেকে শুরু হবে এবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল? সবটা বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Kolkata International Film Festival: বৃহস্পতিবার বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, দিল্লির 'ফিল্ম ডিভিশন'-এর সঙ্গে কথা বলে জাতীয় ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় রেখে এবার উৎসবের তারিখ নির্ধারণ করা হয়েছে। অন্যান্য রাজ্য ও জাতীয় স্তরের চলচ্চিত্র উৎসবের সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই আট দিনব্যাপী অনুষ্ঠান পরিচালিত হবে।

KIFF Date Announced: মহানায়কের জন্মশতবর্ষে বিরাট আয়োজন, কবে থেকে শুরু হবে এবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল? সবটা বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

|

Aug 14, 2026 | 12:47 PM

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) নতুন দিনক্ষণ ঘোষিত হল। নন্দন প্রাঙ্গণে আয়োজিত এক উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠকে স্থির হয়েছে, চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্ব চলচ্চিত্রের এই উৎসব। বৃহস্পতিবার নন্দনে আয়োজিত এই বৈঠকটির নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিজেপি সরকারের এটাই প্রথম চলচ্চিত্র উৎসব।

বৃহস্পতিবার বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, দিল্লির ‘ফিল্ম ডিভিশন’-এর সঙ্গে কথা বলে জাতীয় ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় রেখে এবার উৎসবের তারিখ নির্ধারণ করা হয়েছে। অন্যান্য রাজ্য ও জাতীয় স্তরের চলচ্চিত্র উৎসবের সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই আট দিনব্যাপী অনুষ্ঠান পরিচালিত হবে।

চলচ্চিত্র উৎসবের প্রস্তুতির পাশাপাশি চলতি বছরে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ বিশেষভাবে উদযাপনের বিশাল পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই উপলক্ষে আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী একাধিক বড় মাপের সাংস্কৃতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের রূপরেখা তৈরি করতে রাজ্যের বিনোদন জগতসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে উপস্থিত সকলের থেকে প্রয়োজনীয় পরামর্শ চাওয়া হয়েছে।

সাধারণ মানুষ ও চলচ্চিত্রপ্রেমীদের নিজস্ব গঠনমূলক মতামত পৌঁছে দেওয়ার সুবিধার্থে নন্দন চত্বরে একটি ‘ক্যাম্প অফিস’ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী যেকোনও ব্যক্তি সেখানে গিয়ে জন্মশতবর্ষ পালনের বিষয়ে নিজস্ব পরামর্শ দিয়ে আসতে পারেন। চার দিনের এই মূল কর্মসূচির পর আগামী এক বছর ধরে মহানায়ককে কেন্দ্র করে নানা অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে সরকারের।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রিয় উত্তম কুমারের ছবি কোনটি— এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জন্মশতবর্ষের মূল মঞ্চেই তিনি সেই বিশেষ ছবিটির নাম প্রকাশ করবেন। একই সঙ্গে তিনি যোগ করেন, “আমার মুখ্যমন্ত্রীত্ব বা তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্বপালনকালে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের মতো ঐতিহাসিক অনুষ্ঠানের সূচনা ও আয়োজন করতে পারা আমার কাছে ঈশ্বরের অশেষ আশীর্বাদ।”

Loading...
Unable to load recommendations.
Follow Us