
সম্প্রতি একটি অলঙ্কার প্রস্তুতকারক সংস্থার রক্ষাবন্ধনের বিজ্ঞাপনে দীপ-নেক ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ পরা নিয়ে নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। রাখির মতো উৎসবে এমন পোশাক একেবারেই অনুপযুক্ত— এই দাবিতে শুরু হয়েছিল জোর বিতর্ক। এমনকী, সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছিলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াতও। দাদাকে রাখি বাঁধার সময় এমন পোশাক পরা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার সেই সমস্ত সমালোচনার মুখে দাঁড়িয়ে সপাট জবাব দিলেন কৃতি স্যানন। নারী পোশাক দিয়ে তাঁর সংস্কৃতি ও শ্রদ্ধাবোধ বিচার করার মানসিকতা নিয়েই প্রশ্ন তুললেন অভিনেত্রী।
বিতর্কের জবাবে কৃতি স্পষ্ট জানান, উৎসবের আসল সারমর্ম লুকিয়ে থাকে আবেগ ও সম্পর্কের গভীরতায়, কেউ কী পোশাক পরছেন তার ওপর নয়।
সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে কৃতি লেখেন, “উৎসবের মূল অনুভূতি পোশাকে থাকে না, থাকে ঐতিহ্যের প্রতি সম্মান ও ভালোবাসার আবেগে। রক্ষাবন্ধন হল সুরক্ষার বন্ধন। আমি ও আমার বোন একে অপরকে রাখি বাঁধি। কারণ আমরা জানি একজন ভাই যেভাবে বোনকে রক্ষা করে, আমরাও একে অপরকে ঠিক সেভাবেই রক্ষা করতে পারি। আমরা একে অপরের শরীর-স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করি। আর আমাদের কাছে এই প্রার্থনা ও প্রতিশ্রুতি আমাদের পোষ্য কুকুরের জন্যও সমান সত্য! কারণ দিনশেষে ওরাও তো আমাদের পরিবারেরই সদস্য।”
এর পর নারীদের পোশাক নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে সোচ্চার হয়ে কৃতি লেখেন, “নারীদের কখন কী পরা উচিত, তা বলে দেওয়া কবে বন্ধ হবে? বছরের পর বছর ধরে প্রথাগত ফ্যাশনে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এখনও একজন নারীর তাঁর সংস্কৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা মাপা হয় কেবল তাঁর পোশাক দিয়ে! সংস্কৃতি এবং ঐতিহ্য একজন নারীর হৃদয়ে থাকে, তাঁর পোশাকের নেকলাইনে নয়!”
উল্লেখ্য, এই বিজ্ঞাপনে কৃতির পোশাকের পাশাপাশি তাঁর পোষ্য কুকুরকে রাখি বাঁধার দৃশ্যটি নিয়েও সামাজিক মাধ্যমে জলঘোলা হয়েছিল। নেটিজেনদের একাংশ উৎসবে পোষ্যকে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তুললেও, বড় অংশ জুড়ে চর্চা শুরু হয়েছিল কৃতির পোশাকের ধরন নিয়েই। সেই সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্পষ্ট বক্তব্য জানিয়ে দিলেন অভিনেত্রী।