
বলিউড আর ক্রিকেটের মেলবন্ধন নতুন কিছু নয়। মনসুর আলি খান পাতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা—রুপোলি পর্দা আর ক্রিকেট পিচের এই রসায়ন বারবার খবরের শিরোনামে এসেছে। এবার সেই চর্চায় যুক্ত হল নতুন দুটি নাম—বলিউড ও দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারা যশস্বী জয়সওয়াল।
সম্প্রতি নেটপাড়ায় ঘুরে বেড়ানো একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে এই নতুন গুঞ্জন। ভিডিয়োটির সূত্রপাত মুম্বইয়ের বান্দ্রার একটি অভিজাত ক্যাফে থেকে। সেখানে একসঙ্গে দেখা গিয়েছে ম্রুণাল ও যশস্বীকে। ভিডিয়োটিতে দেখা যায়, ক্যাফে থেকে বেরিয়ে আসছেন তরুণ ওপেনার যশস্বী, আর অভিনেত্রী তখন ক্যাফের ভেতরেই অবস্থান করছিলেন।
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই জল্পনার পারদ চড়তে সময় নেয়নি। দু’জনের মধ্যে কি তবে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে?—এমন প্রশ্নে সরগরম সোশাল মিডিয়া। তবে নেটিজেনদের একাংশ আবার ভিন্ন মত প্রকাশ করেছেন। তাঁদের দাবি, একই স্থানে দু’জনকে দেখা গিয়েছে মানেই যে প্রেম, এমনটা নাও হতে পারে। হয়তো কোন ব্র্যান্ডের প্রচার বা বিজ্ঞাপনের শুটিং পর্বেই একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।
এখানেই শেষ নয়, দুই তারকার বয়সের ফারাক নিয়েও শুরু হয়েছে নানা কাটাছেঁড়া। বর্তমানে ম্রুণালের বয়স ৩৩ এবং যশস্বীর ২৪। তাঁদের এই ৯ বছরের বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষ ও চর্চা করতে ছাড়েননি নেটিজেনদের এক দল। যদিও সম্পর্কের এই নতুন হাওয়া নিয়ে ম্রুণাল বা যশস্বী—কাউকেই এখনও মুখ খুলতে দেখা যায়নি।
উল্লেখ্য, বাইশ গজে নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন যশস্বী। অন্যদিকে, সাবলীল অভিনয় দিয়ে বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি—সর্বত্র নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ম্রুণাল ঠাকুর। ২০২৫ সালের শুরুর দিকে দক্ষিণী সুপারস্টার ধনুষের সঙ্গেও ম্রুণালের বিয়ের গুজব রটেছিল, যা পরবর্তীতে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তারকা ও তাঁদের ঘনিষ্ঠরা। এবার ক্রিকেট তারকা যশস্বীর সঙ্গে তাঁর নাম জড়ানোয় অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে!