Papiya Adhikari: ‘কেউ আর সুপারস্টার নয়…’, গঙ্গাজলে ফেডারেশন ধুয়ে দিলেন পাপিয়া

বুধবার টেকনিশিয়ান স্টুডিওর ফেডারেশন অফিসে নবনির্বাচিত এই নেত্রীকে জমকালো সংবর্ধনা দেন টলিপাড়ার টেকনিশিয়ানরা। ভেন্ডার গিল্ডের সম্পাদক সৈকত দাসসহ সমস্ত গিল্ডের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে পাপিয়াকে শুভেচ্ছা জানান। দীর্ঘদিন যাঁদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাঁদের এই ভালোবাসায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

Papiya Adhikari: কেউ আর সুপারস্টার নয়..., গঙ্গাজলে ফেডারেশন ধুয়ে দিলেন পাপিয়া
পাপিয়া অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: আকাশ মিশ্র

May 20, 2026 | 2:33 PM

সবুজ দুর্গ ভেঙে চওড়া হাসিতে টলিপাড়ায় প্রত্যাবর্তন। নির্বাচনের মহারণে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অরূপ বিশ্বাসকে বড় ব্যবধানে ধরাশায়ী করে এবার সরাসরি টেকনিশিয়ান স্টুডিওর অন্দরে পা রাখলেন বিজেপি বিধায়ক তথা বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী। শুধু পা রাখাই নয়, সঙ্গে করে আনা বোতল থেকে চারপাশ জুড়ে গঙ্গাজল ছিটিয়ে দিলেন তিনি। পাপিয়ার কথায়, “শুদ্ধিকরণ করব বলেই গঙ্গাজল এনেছিলাম। এবার চারপাশটা শুদ্ধ হল।”

বুধবার টেকনিশিয়ান স্টুডিওর ফেডারেশন অফিসে নবনির্বাচিত এই নেত্রীকে জমকালো সংবর্ধনা দেন টলিপাড়ার টেকনিশিয়ানরা। ভেন্ডার গিল্ডের সম্পাদক সৈকত দাসসহ সমস্ত গিল্ডের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে পাপিয়াকে শুভেচ্ছা জানান। দীর্ঘদিন যাঁদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাঁদের এই ভালোবাসায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

জিতে ফিরেই টলিপাড়ার খোলনলচে বদলে দেওয়ার একগুচ্ছ বড় ঘোষণা করলেন মোদীর এই ‘সেনাপতি’। এদিন সংবর্ধনার অনুষ্ঠানের মাঝে পাপিয়া জানালেন, ”রাতে শুটিং শেষ হতে দেরি হলে, অভিনেত্রীদের সুরক্ষিতভাবে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শিল্পী ও কলাকুশলীদের কলটাইম বা শুটিংয়ের সময়সূচি অন্তত তিন দিন আগে আগাম জানাতে হবে। স্টুডিওপাড়ায় আর কোনো ভয় বা হুমকির পরিবেশ থাকবে না।

তবে বক্তব্য রাখতে উঠে চেনা ফর্মে মেজাজ দেখালেন পাপিয়া। সোজা নিশানা করলেন বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে। পাপিয়ার হুঙ্কার, “টলিউডে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর জমানা এবার খতম! অরূপ আর স্বরূপ বিশ্বাসের সেই চেনা ‘দাদাগিরি’ আর এখানে চলবে না। আপনারা যারা এতদিন ভয়ে গুটিয়ে ছিলেন, তাদের বলছি— কারও কোনো ভয় নেই। এবার খোলা হাওয়ায় প্রাণভরে শ্বাস নিন।”

এদিন পাপিয়া আরও জানান, ”অপমানিত হতে কে চায়, এত মানুষ আত্মহত্যা করতে গিয়েছে। এতগুলো মানুষ আমার হাত ধরে বলেছে, দিদি এবার যেন আমরা সবাই কাজ পাই। সবাই কাজ পাবে। সবাই কাজ করবে। আলাদা করে সুপারস্টারের কোনও তকমা এখন দেওয়া যাবে না। যা হবে পিটিশন দিতে হবে। যাঁরা অপমানিত হবে, সবাই জানান। এখানে কাট মানির একটা সিন্ডিকেট চলছিল। এখন থেকে সেটাও বন্ধ। ব্যান, সাসপেনশন এখন থেকে বন্ধ। এসব আর টালিগঞ্জে চলবে না।”

Follow Us