
বক্স অফিসে ‘ধুরন্ধর’ ও তার সিক্যুয়েলের নজিরবিহীন সাফল্যের পর আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে বলিউড সুপারস্টার রণবীর সিং। তবে ছবি ৫০০ কোটির গণ্ডি পার করলেও জামাইয়ের এই ব্লকবাস্টার সিনেমা নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক প্রতিক্রিয়া দিলেন দীপিকা পাড়ুকোনের বাবা, ভারতের খ্যাতনামী ক্রীড়াবিদ প্রকাশ পাড়ুকোন। জামাই হিসেবে রণবীরের প্রাণশক্তিতে তিনি অত্যন্ত খুশি হলেও, সিনেমার পর্দায় রণবীরের ‘ভায়োলেন্স’ বা হিংসাত্মক রূপটি নাকি তাঁর খুব একটা পছন্দ হয়নি।
এক সাক্ষাৎকারে জামাইয়ের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে প্রকাশ পাড়ুকোন জানান, সিনেমা হিসেবে ‘ধুরন্ধর’ নিঃসন্দেহে দুর্দান্ত এবং প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। তবে তাঁর ব্যক্তিগত মত, ছবিতে মারপিট আর হিংসার পরিমাণ কিছুটা বেশি ছিল। প্রকাশ বলেন, “আমার মনে হয়েছিল যে, ছবিতে হিংসা বোধহয় একটু বেশিই রয়েছে। যদিও সাধারণ দর্শক এই রূপেই ছবিটিকে পছন্দ করেছেন এবং বক্স অফিসে সিনেমাটি সফল। দিনশেষে আমাদের সকলের কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” অবশ্য সিনেমার বাইরে রণবীরকে নিয়ে তিনি অত্যন্ত গর্বিত। প্রকাশ জানান, রণবীরের খেলাধুলোর প্রতি দারুণ আগ্রহ থাকায় দুজনে মিলে ঘণ্টার পর ঘণ্টা খেলা নিয়ে আড্ডা দেন। পাড়ুকোন পরিবারের বাকি চার সদস্য স্বভাবগতভাবে শান্ত হলেও, রণবীর এসে তাঁদের ঘর আলো করে রেখেছেন।
‘ধুরন্ধর’ ছবির আকাশছোঁয়া সাফল্যের মাঝেও একটি বিষয় খটকা লাগিয়েছিল নেটিজেনদের। রণবীরের এই সাফল্যের দিনে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে কোথাও দেখা যায়নি, এমনকি ছবির বিশেষ প্রদর্শনীতেও (স্ক্রিনিং) অনুপস্থিত ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টও করেননি। এতেই চটে যান রণবীরের অনুরাগীরা। নেটপাড়ায় দীপিকাকে লক্ষ্য করে একের পর এক কটাক্ষ ধেয়ে আসে। কেউ কেউ লেখেন, “আপনি তো নীরবে অত্যাচার করছেন! ছবি ৫০০ কোটি কামিয়ে নিল, অথচ আপনার কোনো হেলদোল নেই!”
অনুগামীদের ক্রমাগত কটাক্ষের মুখে পড়ে অবশেষে নীরবতা ভাঙতে বাধ্য হন দীপিকা। নিজের চেনা মিষ্টি হাসিতে ট্রোলারদের জবাব দিয়ে অভিনেত্রী বলেন, “আমি আপনাদের সবার আগে ছবিটা দেখে ফেলেছি। এবার বরং আপনারা হাসাহাসি বন্ধ করুন, কেমন?”
তবে শুধু ট্রোলারদের জবাব দেওয়াই নয়, ‘ধুরন্ধর’-এর সাফল্যের আবহে পাড়ুকোন-সিং পরিবারে খুশির হাওয়া দ্বিগুণ করে দিয়েছেন দীপিকা। বড় মেয়ে দুয়ার বয়স দু’বছর হতে না হতেই সুখবর দিলেন তারকা দম্পতি। দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা। ‘ধুরন্ধর’ ছবির ব্লকবাস্টার সাফল্যের পর রণবীর-দীপিকার সংসারে এই নতুন অতিথির আগমনই এখন বলিপাড়ার সবচেয়ে বড় চর্চার বিষয়।