অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া?

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একই ফ্রেমে দেখা যেতে পারে বলিউড তথা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে। সম্প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে কথা বলার সময় অস্কারজয়ী এই অভিনেত্রীর সঙ্গে কাজ করার এক বড়সড় ইঙ্গিত দিয়েছেন পিগি চপস।

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া?

|

Jun 20, 2026 | 12:08 PM

খুব শীঘ্রই হলিউডের প্রথম সারির তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একই ফ্রেমে দেখা যেতে পারে বলিউড তথা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে। সম্প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে কথা বলার সময় অস্কারজয়ী এই অভিনেত্রীর সঙ্গে কাজ করার এক বড়সড় ইঙ্গিত দিয়েছেন পিগি চপস।

‘ফরচুন ইন্ডিয়া’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ৪৩ বছর বয়সী প্রিয়াঙ্কা জানান যে, তিনি ৫১ বছর বয়সী জোলির সঙ্গে একটি নতুন প্রজেক্টে হাত মেলাতে চলেছেন। তবে এই কাজটির বিস্তারিত তথ্য নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। এটি কোনও সিনেমা, বিজ্ঞাপনী প্রচার নাকি কোনও সমাজকল্যাণমূলক উদ্যোগ— সে বিষয়ে এখনই খোলসা করতে চাননি তিনি।

এই খবরটি সামনে আসতেই দুই বিশ্বখ্যাত তারকাকে একসঙ্গে দেখার জন্য অনুরাগী মহলে উন্মাদনা তুঙ্গে উঠেছে। প্রিয়াঙ্কা খুব শীঘ্রই অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গেও একটি নতুন প্রজেক্টের কাজ শুরু করতে চলেছেন, তবে তার মাঝেই জোলির নাম আসায় চারদিকে গুঞ্জন শুরু হয়েছে।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা হলিউডের সেই সমস্ত নারীদের কথা উল্লেখ করেন, যাঁরা তাঁকে অনুপ্রাণিত করেন। পেনালোপে ক্রুজ এবং সালমা হায়েক-এর পাশাপাশি তিনি অ্যাঞ্জেলিনা জোলির নামও নেন, যাঁর কেরিয়ারকে তিনি গভীরভাবে শ্রদ্ধা করেন। তাঁদের নিজের বন্ধু এবং আদর্শ হিসেবে বর্ণনা করে প্রিয়াঙ্কা বিনোদন জগতে তাঁদের অনবদ্য কাজ ও দীর্ঘস্থায়ী প্রভাবের ভূয়সী প্রশংসা করেন।

এই যৌথ প্রজেক্টের বিস্তারিত তথ্য এখনও পর্দার আড়ালে থাকলেও, ‘দেশিগার্ল’ প্রিয়াঙ্কার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই দর্শক কোনও হাই-প্রোফাইল আন্তর্জাতিক প্রজেক্টে এই দুই তারকাকে একসঙ্গে ম্যাজিক তৈরি করতে দেখতে চলেছেন।

Follow Us