
হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী তারকা রামচরণ। সোমবার কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে ভর্তি হন রামচরণ। এই মুহূর্তে তাঁর অস্ত্রোপচার চলছে। জানা গিয়েছে, পেড্ডি ছবিটির শুটিং চলাকালীনই গুরুতর কব্জির আঘাতের মুখে পড়েছিলেন এই অভিনেতা। তবে ছবির কাজ যাতে কোনওভাবেই থমকে না যায়, সে কথা মাথায় রেখে অস্ত্রোপচার পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পেশাদারিত্ব বজায় রেখে ছবির সমস্ত কাজ শেষ করেই এবার চিকিৎসার পথ বেছে নিয়েছেন ‘আরআরআর’ খ্যাত এই তারকা।
সূত্রের খবর, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বিখ্যাত ‘গঙ্গা হাসপাতালে’ রাম চরণের এই কব্জির অস্ত্রোপচার সম্পন্ন হবে। অস্থি সংক্রান্ত জটিল চিকিৎসার (অর্থোপেডিক কেয়ার) ক্ষেত্রে বিশেষ পরিচিতি রয়েছে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটির। বেশ কিছুদিন ধরে যে চোটকে সঙ্গী করেই তিনি তাঁর কাজের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করছিলেন, এবার সেই চোট সারিয়ে তুলতেই চিকিৎসকদের পরামর্শে এই পদক্ষেপ।
ছেলের এই চিকিৎসার সময় পাশে থাকতে গোটা পরিবারই একসঙ্গে কোয়েম্বাটুরে পৌঁছেছেন। রাম চরণের সঙ্গে গিয়েছেন তাঁর বাবা তথা মেগাস্টার চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি। অস্ত্রোপচারের পর চিকিৎসক দলের তত্ত্বাবধানে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেতা।