
একের পর এক ফ্লপ ছবির ধাক্কা সামলে অবশেষে গত মার্চেই ‘ধুরন্ধর’ সিনেমার হাত ধরে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছেন রণবীর সিং। কেরিয়ারের সেই ‘খরা’ কাটতে না কাটতেই এবার আরও এক মস্ত বড় ধামাকা করতে চলেছেন অভিনেতা। তবে এবার আর প্রধান চরিত্রে নয়, বরং স্ত্রীর শুটিং দেখতে গিয়ে খোদ শাহরুখ খানের বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘কিং’-এ এক দারুণ একটা চরিত্র বাগিয়ে ফেললেন রণবীর! মায়ানগরীর সেলেবপাড়ায় এখন খান, সিং এবং পাড়ুকোন পরিবারের এই নতুন সমীকরণ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।
ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা আকাশছোঁয়া। বিগত দু-বছর ধরে এই ছবি নিয়ে নিত্যনতুন আপডেট সমাজমাধ্যমে রাজত্ব করছে। তবে কিং খানের নতুন লুকের পাশাপাশি এই ছবির কাস্টিং নিয়ে চর্চা যেন আরও বেশি। শাহরুখ ছাড়াও এই ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, সুহানা খান, আরশাদ ওয়ারসি এবং অনিল কাপুরের মতো তারকাদের। এমনকি দীপিকা পাড়ুকোনও এই ছবির অন্যতম বড় আকর্ষণ। এবার সেই চাঁদের হাটে যুক্ত হল রণবীর সিংয়ের নামও।
বলিউডের অন্দরমহলের খবর, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিগ বাজেট ছবিতে এক অত্যন্ত রহস্যময় ক্যামিও চরিত্রে হাজির হবেন রণবীর।
শোনা যাচ্ছে, ছবিতে রণবীরের চরিত্রের সঙ্গে শাহরুখ-কন্যা সুহানা খানের চরিত্রের এক গভীর যোগসূত্র থাকবে। সিনেমার গল্পে একটি অতি গুরুত্বপূর্ণ দৃশ্যে সুহানার হাতে একটি অত্যন্ত গোপন নথিপত্র তুলে দিতে দেখা যাবে রণবীরকে। এই নথিপত্রটিই আসলে সুহানার চরিত্রের ‘প্রাণভোমরা’, যা তাঁকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। অর্থাৎ, সহজ কথায় বলতে গেলে, সিনেমায় সুহানা খানের ‘মুশকিল আসান’ বা ‘ঈশ্বরের দূত’ হিসেবেই এন্ট্রি নিতে চলেছেন রণবীর সিং।
রণবীরের এই চরিত্রটি পাওয়ার নেপথ্যে রয়েছে এক দারুণ মজার গল্প। দিনকয়েক আগেই দক্ষিণ আফ্রিকায় ‘কিং’ সিনেমার একটি বড় শিডিউলের শুটিং চলছিল। সেখানে দীপিকার সঙ্গে সময় কাটাতে এবং শুটিং দেখতে সপরিবারে হাজির হয়েছিলেন রণবীর। কোল-কন্যাসন্তান দুয়াকে নিয়ে রণবীরের একটি ছবিও নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায়, সমুদ্রসৈকতে শাহরুখ ও দীপিকা যখন রোম্যান্টিক শট দিতে ব্যস্ত, তখন একপাশে মেয়ে দুয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন রণবীর।
বলিপাড়ার কানাঘুষো, রণবীরকে সেটে ওভাবে দেখেই নির্মাতারা হুট করে ছবির এই বিশেষ চরিত্রের জন্য তাঁকে প্রস্তাব দিয়ে বসেন এবং রণবীরও হাসিমুখে তা লুফে নেন। যদিও ছবির টিম বা নির্মাতাদের পক্ষ থেকে এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি, তবে বিটাউনের গুঞ্জন বলছে— ধোঁয়া যখন উঠেছে, তখন আগুন নিশ্চয়ই কোথাও লেগেছে!