
সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে সম্পর্কে রয়েছেন শুভমন গিল– এতদিন যাবৎ এ কথাই জানতেন সকলে! কিন্তু এ কী! এ কী খবর এল সামনে? সকাল থেকেই সামাজিক মাধ্যম তোলপাড়! শুভমন নাকি বিয়ে করছেন। তাও নাকি এই বছরের শেষেই? পাত্রী ঋদ্ধিমা পন্ডিত। বি-টাউনের পরিচিত মুখ তিনি। এ নিয়ে যখন চারিদিকে হইচই, তখন এ নিয়ে মুখ খুললেন খোদ ঋদ্ধিমাই।
ইনস্টাগ্রামে এক ভিডিয়ো শেয়ার করে ঋদ্ধিমা লেখেন, “সকাল থেকেই সাংবাদিকদের ফোন পেয়ে যাচ্ছি আমি। সবাই আমাকে বিয়ের কথা জিজ্ঞাসা করেই যাচ্ছে। বিয়ে? কীসের বিয়ে? আমি তো কোনও বিয়ে টিয়ে করছি না আপাতত। যদি আমার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তবে নিশ্চয়ই তা সবাইকে জানাব। যা রটেছে তা একেবারেই সত্যি নয়।” এমনটা নয় যে ঋদ্ধিমা ও শুভমনকে একসঙ্গে দেখা গিয়েছে সম্প্রতি। তবুও সামাজিক মাধ্যমে রটনার শেষ নেই। এমনটা ঘটেছে এ ক্ষেত্রে বলে দাবি অভিনেত্রীর। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শুভমন।
কে এই ঋদ্ধিমা পন্ডিত? ১৯৯০ সালের ২৫ জুন জন্ম নেন ঋদ্ধিমা। নাগিনের সপ্তম সিজন থেকেই টিভিতে প্রত্যাবর্তন করেছেন তিনি। বিগবস ওটিটির প্রথম সিজনেও দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও ‘বহু হামারি রজনীকান্ত’ ও ‘খতরা খতরা খতরা’র মতো টেলিভিশন শো-য়েও দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে তিনি ব্যস্ত ধারাবাহিক নিয়ে। ওদিকে শুভমনও ব্যস্ত বিশ্বকাপ নিয়ে।